জাতীয় বয়সভিত্তিক সাঁতার
Published : 28 May 2024, 09:44 PM
বয়সভিত্তিক সাঁতারে সুইমিংপুলে ঝড় তুলেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মোহাম্মদ তোফায়েল ও অ্যানি আক্তার। ৯টি সোনা ও ১টি রুপা নিয়ে ছেলেদের বিভাগে তোফায়েল এবং ১২টি সোনা জিতে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন অ্যানি।
সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে জাতীয় বয়সভিত্তিক সাঁতারের এবারের আসরে দলগত সেরা হয়েছে তোফায়েল-অ্যানিদের দল বিকেএসপি। ৮৪টি সোনা, ৫৭টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ পেয়েছে তারা। ৫টি সোনা, ৭টি রুপা ও ২২টি ব্রোঞ্জ পেয়ে রানার্সআপ হয়েছে কিশোরগঞ্জ নিকলী সুইমিং ক্লাব।
তোফায়েল ২টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০০ মিটার বাটারফ্লাইয়ে (অনূর্ধ্ব-২০) ২ মিনিট ১৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে ২০১৫ সালে বিকেএসপির আরিফুল ইসলামের (২ মিনিট ২২ দশমিক ৪৯ সেকেন্ড) রেকর্ড ভাঙেন তোফায়েল।

পরে ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৮ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে ২০২১ সালে গোপালগঞ্জ সুইমিং ক্লাবের হয়ে মোহাম্মদ ইসলামের (৫৯ দশমিক ০৯ সেকেন্ড) রেকর্ড ভাঙেন তিনি।
অ্যানি গড়েছেন ৫টি জাতীয় রেকর্ড। ২০০ মিটার বাটারফ্লাইয়ে (অনূর্ধ্ব-২০) ২ মিনিট ৫৪ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে ২০১৪ সালে বগুড়া সুইমিং সেন্টারের মরিয়ম খাতুনের (২ মিনিট ৫৪ দশমিক ৬১ সেকেন্ড) রেকর্ড ভাঙেন তিনি।
এরপর ১০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ০৮ দশমিক ৬৩ সেকেন্ড টাইমিং করে ২০১২ সালে বিকেএসপির খাদিজার গড়া (১ মিনিট ১০ দশমিক ২৬ সেকেন্ড), ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৫ মিনিট ১৯ দশমিক ০৬ সেকেন্ড সময় নিয়ে ২০১২ সালে খাদিজার (৫ মিনিট ২১ দশমিক ৬০ সেকেন্ড), ৫০ মিটার ফ্রি স্টাইলে ৩১ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে ২০১৪ সালে সোনিয়া খাতুনের গড়া (৩১ দশমিক ৭৯ সেকেন্ড) রেকর্ড ভাঙেন অ্যানি।
সবশেষ অ্যানি ২০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলেতে ২ মিনিট ৫১ সেকেন্ড টাইমিং করে ২০২১ সালে বাংলাদেশ আনসারের মুক্তি খাতুনের (২ মিনিট ৫১ দশমিক ৭৫ সেকেন্ড) রেকর্ড ভাঙেন।