২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সাফল্যের গল্পে পড়া ধুলা সরাতে চান কাবরেরা

প্রথম ম্যাচের ড্র থেকে বাড়তি আত্মবিশ্বাস সঞ্চয় করার কথাও সংবাদ সম্মেলনে বললেন বাংলাদেশ কোচ।

নেপালে সাফল্যের গল্পে পড়া ধুলা সরাতে চান কাবরেরা
বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। ফাইল ছবি

কাঠমাণ্ডু থেকে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

চিন্তিত ভঙ্গিতে কখনও থুতনিতে হাত, কখনও আবার স্মিত হাসিমাখা মুখ- ভিন্ন ভিন্ন ভঙ্গিতে সংবাদ সম্মেলনে ধরা দিলেন হাভিয়ের কাবরেরা। প্রথম ম্যাচের ড্র নিয়ে তৃপ্তির ঢেকুর তুললেন, দ্বিতীয় ম্যাচে জয়ের দুর্নিবার আকাঙ্ক্ষাও জানালেন প্রত্যয়ী কণ্ঠে। তবে নেপালের মাঠে চাওয়া পূরণের পথটা যে মসৃণ হবে না, জানেন বাংলাদেশের প্রধান কোচ।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ছয়টায় সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ মাঠেই গত শনিবার প্রথম ম্যাচে নেপালকে গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ।

তিন বছর আগে নেপালে এসে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল কাবরেরার। ৩-১ গোলে হেরেছিল তার দল। সেই তুলনায় সবশেষ ম্যাচের ড্রকে প্রাপ্তিই মানছেন তিনি।

“নেপালের মতো শক্তিশালী দলের বিপক্ষে আবারও মুখোমুখি হওয়ার রোমাঞ্চ অনুভব করছি। আমি মনে করি, আমাদের প্রত্যাশা এবং আগামী অক্টোবরের ম্যাচের প্রস্তুতি নেওয়ার যে আশা ছিল, সেই অনুযায়ী প্রথম ম্যাচ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তো আগামীকালের ম্যাচের জন্য আবার প্রস্তুত হচ্ছি আমরা এবং নিশ্চিতভাবেই এই ম্যাচও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে।”

“অবশ্যই আমরা প্রথম ম্যাচ ড্র করেছি, কিন্তু আমরা জিততে চাই। আগের ড্র আমাদেরকে বাড়তি আত্মবিশ্বাসী করে তুলেছে। লক্ষ্য হচ্ছে, কমপক্ষে আগের ম্যাচের মতোই পারফর্ম করা। কেননা, আমি মনে করি, এটা আমাদের খুবই কাজে এসেছিল। তবে হ্যাঁ, আমরা জয়ের জন্য নামব এবং জয়ের জন্য সর্বোচ্চটুকু দিব।”

সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার প্রত্যয় থাকলেও, একটা শঙ্কাও আছে; প্রথম পছন্দের গোলকিপার মিতুল মারমা ও ফরোয়ার্ড ফয়সাল আহমেদ চোট থেকে এখনও সেরে ওঠেননি পুরোপুরি। এই দুজনকে পাওয়ার প্রশ্নে অবশ্য আশাবাদী কোচ। প্রশংসা করলেন মিতুলের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে পোস্ট সামলানো সুজন হোসেনেরও।

“তারা পরিকল্পনা অনুযায়ী খুবই ভালো উন্নতি করছে। আজ আরও একটি ট্রেনিং সেশন আছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নিব তাদের ব্যাপারে। আশা করি, দুজনকেই পাওয়া যাবে।”

“প্রথম ম্যাচে সুজন খুবই ভালো করেছে। দীর্ঘদিন ধরে সে একটা সুযোগের অপেক্ষায় ছিল। তার জন্য কাজটা সহজ ছিল না, কেননা, কেবল মিতুল নয়, মেহেদী হাসান শ্রাবণের পারফরম্যান্সও ছিল উঁচুতে। তবে সে ভীষণ পেশাদার, সবসময় সহায়ক মানসিকতার, কঠোর পরিশ্রমী। পরিস্থিতির কারণে সে সুযোগটা পেয়েছিল, দারুণ পারফর্ম করল। সে খুবই শান্ত, পরিণত এবং জাল অক্ষত রেখে মাঠ ছেড়েছে। তাকে নিয়ে আমি খুবই খুশি।”

সফরের শেষ ধাপে এসে কাবরেরার চাওয়া ব্যর্থতার বৃত্ত ভেঙে সেরা প্রাপ্তি নিয়ে ফেরার। নেপালের বিপক্ষে বাংলাদেশের সবশেষ জয় ২০২০ সালের নভেম্বরে, ঢাকায়। আর কাঠমাণ্ডুতে তাদের সবশেষ জয়ের গল্প তো এক যুগের পুরনো; ২০১৩ সালের মার্চে। তাই মাঠের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ-উষ্মা একপাশে রেখে নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ কাবরেরা।

“এটা খুবই ধীরগতির পিচ ও ভারি। আমি মনে করি, আমরা অনেক কিছু করতে চেয়েছি, কিন্তু মাঠের কন্ডিশনের কারণে সেগুলো বাস্তবায়ন করা কঠিন। আবারও বলছি, প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে আমি খুবই গর্বিত এবং আমরা জানি দ্বিতীয় ম্যাচ প্রথমটির মতোই কঠিন হবে। তবে আমরা সর্বোচ্চটুকু দিয়ে জয়ের জন্যই নামব।”

ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই অবশ্য শঙ্কা ভর করতে শুরু করেছে। দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারের পক্ষ থেকে ফেইসবুক ও হোয়াটসঅ্যাপসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় নেপাল জুড়ে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে।

কাঠমান্ডুর কুটনীতিকদের এলাকাগুলোতে (ডিপ্লোমেটিক জোন) কারফিউ দিয়েছে দেশটির সরকার। প্রতিকূল পরিস্থিতিতে সোমবার নির্ধারিত সময়ে অনুশীলন করতে যেতে পারেনি বাংলাদেশ দল। বাধ্য হয়ে টিম হোটেলেই অবস্থান করছে তারা। 

কাঠমান্ডুতে 'হোটেলে আটকা' জামাল-মিতুলরা

রণক্ষেত্র নেপাল, অনিশ্চয়তায় বাংলাদেশ-নেপাল ম্যাচ

কোনো চাপ অনুভব করছেন না জামাল