কোনো চাপ অনুভব করছেন না জামাল
দ্বিতীয় প্রীতি ম্যাচে জিতেই নেপাল সফর শেষ করতে উন্মুখ বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
পাশে বসে থাকা ভারত খাওয়াজের পিঠ চাপড়ে ম্যাট রস বললেন, “আমরা ওকে বিশেষ রাত উপহার দিতে চাই।“ নেপাল কোচের এমন চাওয়ার কারণ, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ দিয়ে অবসরে যাবেন নেপালের জার্সিতে প্রায় ১৭ বছর খেলা এই ফরোয়ার্ড। তবে প্রতিপক্ষের ওই বিষয় নিয়ে ভাবতেই চান না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দৃঢ় কণ্ঠে তিনি বললেন, খাওয়াজের বিদায়ী ম্যাচের ভাবনা স্রেফ নেপালের।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টায় মুখোমুখি হবে দুই দল। গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে নেপালকে এ মাঠেই গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচের স্কোয়াডেই ছিলেন না খাওয়াজ।
২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জালে গোল পেয়েছিলেন খাওয়াজ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বুটজোড়া তুলে রাখবেন তিনি। স্বাভাবিকভাবে খাওয়াজের বিদায়ক্ষণ জয়ের রঙে রাঙাতে উন্মুখ নেপাল। আর জামাল মুখিয়ে আছেন, ২০২০ সালের পর নেপালের বিপক্ষে আরেকটি জয়ের গল্প লিখতে।
“অবশ্যই, কোচও বলেছেন আমরা তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে চাই এবং এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ-আমরা যেন নেপাল সফরটা ইতিবাচক প্রাপ্তি দিয়ে মানে তিন পয়েন্ট নিয়ে শেষ করতে পারি এবং এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”
“(ভারত খাওয়াজের বিষয়টি) আমি মনে করি, এটা আসলে নেপালের বিষয়। আমরা কোনো চাপ অনুভব করছি না। কেননা, আমরা আমাদের পরিকল্পনা নিয়ে মাঠে যাব। তাই নেপাল দল এবং তাদের ওই খেলোয়াড় নিয়ে যাই হোক না কেন, এটা তাদের ভাবনা। আমাদের ভাবনা আমাদের লক্ষ্য পূরণ করা এবং সেরা পারফরম্যান্স করা নিয়ে।”
হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহামিদুল ইসলামের মতো নির্ভরতা স্কোয়াডে না থাকায়, সেরাটা নিংড়ে দেওয়ার মতো দল আছে কিনা, সে প্রশ্নেও জামাল ঢাল হয়ে দাঁড়ালেন বর্তমান সতীর্থদের সামনে।
“আমি মনে করি, একজন ফুটবলার হিসেবে আপনি যখন খেলতে যাবেন, তখন অন্য কাউকে নিয়ে ভাববেন না। আপনি ভাববেন যারা মাঠে আপনার সাথে আছে তাদের নিয়ে। কেননা, আপনাকে এই সতীর্থদের নিয়েই লড়তে হবে, যারা মাঠে আছে এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে।”
“আহা, এই খেলোয়াড়কে মিস করছি, ওই খেলোয়াড়কে মিস করছি-বিষয়গুলো আমি এভাবে ভাবি না। আমার বর্তমানে মাঠে দশজন ভালো সতীর্থ আছে এবং আমি তাদের সবাইকে নিয়ে ভাবি। প্রথম ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল, কিন্তু এখন আমরা তাকিয়ে আছি আগামীকালের ম্যাচের দিকে এবং আমি মনে করি, আগামীকাল ভালো একটা ম্যাচ খেলব আমরা।”
