রণক্ষেত্র নেপাল, অনিশ্চয়তায় বাংলাদেশ-নেপাল ম্যাচ
নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) কর্মকর্তারা জরুরি মিটিংয়ে বসেছেন সার্বিক বিষয় পর্যালোচনা করে দ্বিতীয় প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য।
সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে জেন-জি’র আন্দোলনে জেরবার নেপালের অবস্থা। নিউ বানেশ্বরের পার্লামেন্ট ভবনের এলাকাসহ কাঠমান্ডুর বিভিন্ন স্থানে পুলিশ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায়-দফায় সংঘর্ষ চলছে। এর প্রভাব পড়েছে নেপাল-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচের ওপর। আদৌ ম্যাচটি মাঠে গড়াবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার পৌনে ছয়টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। এ উপলক্ষে সোমবার টিম হোটেলে বেলা ১২টায় দুই দলের কোচ, অধিনায়ক ও খেলোয়াড়ের উপস্থিতিতে সংবাদ সম্মেলনও হয়। এরপর দ্রুত পরিস্থিতি বদলাতে থাকে।
সরকারের বিরুদ্ধে সোমবার আন্দোলনের ঘোষণা আগেই দিয়ে রেখেছিল বিক্ষোভকারীরা। দুপুরের পর থেকে নেপালের গণমাধ্যমগুলোতে আসতে থাকে বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর। কাঠমাণ্ডু পোস্ট তাদের প্রতিবেদনে লিখেছে, পুলিশের তাজা বুলেটের আঘাতে বেলা ৪টা পর্যন্ত ১৪ জন প্রাণ হারিয়েছে।
গণমাধ্যমের পাতাগুলো ছেয়ে যায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ, টিয়ার-সেলের ধোঁয়া, পোড়ানো গাড়ির ছবিতে। পার্লামেন্ট ভবন, কুটনৈতিক এলাকাগুলোতে কারফিউ ঘোষণা করেছে নেপালের সরকার।
স্বাভাবিকভাবে এর প্রভাব গিয়ে পড়ে নেপাল ও বাংলাদেশ ফুটবল দলের ওপরও। স্টেডিয়ামের উদ্দেশে অনুশীলনের জন্য রওনা দিয়েও নেপাল দল সেখানে পৌঁছাতে পারেনি। মাঝপথ থেকে তারা ফিরে যায় টিম হোটেলে।
জামাল-মিতুলদের দশরথ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বেলা ৩টা থেকে। সোয়া দুইটায় স্টেডিয়ামের উদ্দেশে টিম হোটেল থেকে বের হওয়ার প্রস্তুতিও নিয়েছিল দল, কিন্তু আনফার অফিসিয়ালরা তাদের বাইরে বের হতে বারণ করে দেন। টিম ম্যানেজার আমের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন, টিম হোটেলে ঘাম ঝরাচ্ছে দল।
“বিরূপ পরিস্থিতির কারণে আমরা বাইরে বের হতে পারিনি। মাঠের অনুশীলন স্থগিত করা হয়েছে। তবে টিম হোটেলের জিমনেশিয়ামে হাভিয়ের কাবরেরা দল নিয়ে অনুশীলন করছেন।“
আনফার অফিসিয়ালরা এরই মধ্যে জরুরি মিটিংয়ে বসেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই মিটিংয়েই সিদ্ধান্ত হবে দ্বিতীয় প্রীতি ম্যাচটি আয়োজন করা সম্ভব হবে কিনা।
সোমবার থেকে নেপালের পরিস্থিতি যে অস্থির হয়ে উঠবে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। গত শুক্রবার দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়। এর সাথে যোগ হয় সরকারের দুর্নীতির বিপক্ষে শিক্ষার্থীদের ক্ষোভ। সব মিলিয়ে সোমবার রাজপথে নেমে আসার ঘোষণা দিয়েছিল তারা।
