১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইনফান্তিনোকে বিদায় করতে অনাস্থা ভোটের ভাবনা

সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে, অনাস্থা ভোটের উদ‍্যোগ নিতে পারে উয়েফা, এএফসি ও কনক‍্যাকাফ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 06:50 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ফিফা প্রেসিডেন্টের পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে অনাস্থা ভোট আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বিশ্ব ফুটবলের আঞ্চলিক শক্তিগুলো। এই উদ‍্যোগ সম্পর্কে জানেন, এমন জ‍্যেষ্ঠ ব‍্যক্তিদের বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে। 

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির উদ‍্যোগ নেওয়ায় প্রবল ক্ষোভের মুখে পড়েছেন ইনফান্তিনো। তাকে সরাতে ইউরোপের উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ‍্য আমেরিকার কনক‍্যাকাফ উদ‍্যোগ নেওয়ার কথা ভাবছে। তবে ফিফার ১২২ বছরের ইতিহাসে কোনো কংগ্রেসে দায়িত্বে থাকা প্রেসিডেন্টের বিপক্ষে অনাস্থা ভোটের নজির পায়নি রয়টার্স। 

ওই তিন সংস্থার উদ‍্যোগ সম্পর্কে জানেন, এমন একজন রয়টার্সকে বলেছেন, অনাস্থা ভোটের ভাবনা জোরেশোরেই আছে তাদের।

“আর কোনো উপায় নেই। হয় তিনি শান্তিপূর্ণভাবে যাবেন এবং মার্চের নির্বাচনে অংশ নেবেন না, নয়তো কঠিন পরিস্থিতিতে পড়বেন।”

ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা কাউন্সিল যে কোনো সময়ে জরুরি কংগ্রেস আহ্বান করতে পারে। তবে এর জন‍্য সংস্থার ২১১ সদস‍্য দেশের অন্তত এক পঞ্চমাংশের লিখিতভাবে আলোচ‍্য বিষয় জানিয়ে অনুরোধ করতে হবে। 

এর তিন মাসের মধ‍্যে বিশেষ কংগ্রেস আহ্বান করতে হবে। এতে উপস্থিত থাকা প্রতিটি অ‍্যাসোসিয়েশন দিতে পারবে একটি ভোট। যদিও ফিফার আইনে সভাপতির বিরুদ্ধে অনাস্থা ভোটের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই।

এই বিষয়ে ফিফার মন্তব‍্যের জন‍্য অনুরোধ জানিয়ে তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি রয়টার্স। উয়েফা, এএফসি ও কনক‍্যাকাফও তাৎক্ষণিক কোনো মন্তব‍্য করেনি। 

আফ্রিকান কনফেডারেশন সিএএফের সমর্থন পাওয়া ইনফান্তিনো আগেই বলেছেন, আগামী মার্চের নির্বাচনে অংশ নিয়ে পুনর্নির্বাচিত হতে চান তিনি।  

ইনফান্তিনোর ওই বিতর্কিত প্রস্তাব নিয়ে প্রবল সমালোচনা শুরু হওয়ার পর, সদস‍্য অ‍্যাসোসিয়েশনগুলোর কাছে ক্ষমা চায় ফিফা। কিছু কিছু অ‍্যাসোশিয়েশনের সমর্থনও পায় তারা। আফ্রিকার বাইরে কাতার, ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কোসহ ছয় আরব দেশ প্রকাশ‍্যে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিয়েছে। 

অনাস্থা ভোট নিয়ে উয়েফা, এএফসি ও কনক‍্যাকাফের একটি শঙ্কাও আছে। তাদের চ‍্যালেঞ্জ সফল না হলে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরও শক্তিশালী অবস্থানে চলে যেতে পারেন ইনফান্তিনো।

ভক্তদের অলাভজন সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) বৃহস্পতিবার ইনফান্তিনোর পদত‍্যাগের দাবিতে করা একটি পিটিশনের পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা বাড়াতে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার বড় ধরনের সংস্কারের দাবি জানিয়েছে।