২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল-কাসিয়াস বন্ধন ছিন্ন

রিয়াল মাদ্রিদের সঙ্গে ইকের কাসিয়াসের ১৬ বছরের বন্ধন ছিন্ন হয়ে গেল। লা লিগার ক্লাবটি ছেড়ে স্পেনের এই গোলরক্ষক পর্তুগালের ক্লাব পোর্তোতে যোগ দিচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 02:48 PM

Updated : 12 Oct 2022, 04:00 PM

৩৪ বছর বয়সী কাসিয়াসের রিয়াল ছেড়ে চলে যাওয়ার খবরটি শনিবার রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে দেওয়া হয়।

উজ্জ্বল ক্যারিয়ারে কাসিয়াস দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদ ও স্পেন জাতীয় দলের গোলপোস্ট সামলেছেন। রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। আর স্পেনের হয়ে যেতেন একটি বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ।

সাম্প্রতিক বছরগুলোয় কাসিয়াস উজ্জ্বলতা অনেকটাই হারিয়ে ফেলেন। রিয়ালের এক সময়ের নায়ককে সমর্থকরা নিয়মিত দুয়ো দিতে থাকে। গত মৌসুমে রিয়ালের বড় কোনো শিরোপা না জেতার দায়ও অনেকেই তাকে দেয়।

চারদিকে গুঞ্জন চলছে রিয়াল কাসিয়াসের শূন্যতা পূরণ করতে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৪ বছর বয়সী গোলরক্ষক দাভিদ দে হেয়াকে নিতে পারে। স্পেন দলেও কাসিয়াসের জায়গাটা তিনিই নিতে যাচ্ছেন।   

রিয়ালের ওয়েবসাইটে ক্লাবটিতে কাসিয়াসের ক্যারিয়ারের বিস্তারিত বর্ণনা দিয়ে তাকে তার অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

"ইকের, সবকিছুর জন্য ধন্যবাদ। আমাদের ইতিহাসে সেরার প্রতীক হওয়ার জন্য ধন্যবাদ।"

রিয়াল মাদ্রিদে কাসিয়াসের অভিষেক হয় ১৮ বছর বয়সে, ১৯৯৯ সালে। তিনটি চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে রিয়ালের হয়ে পাঁচটি লা লিগা, দুটি কিংস কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতেন তিনি।

১৬ বছর ধরে ৭২৫টি ম্যাচে রিয়াল মাদ্রিদের গোলবার আগলেছেন কাসিয়াস। রাউলের পর রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় তিনিই।

রিয়ালের ওয়েবসাইটে কাসিয়াসকে ক্লাবটি আর স্পেন জাতীয় দলের ইতিহাসে সেরা গোলরক্ষক হিসেবে উল্লেখ করা হয়।