২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমারের সঙ্গে খেলার স্বপ্নপূরণ তুরানের

মেসি-নেইমারদের সঙ্গে এক দলে খেলার স্বপ্ন পূরণ হতে চলায় দারুণ উচ্ছ্বসিত আরদা তুরান। তুরস্কের এই মিডফিল্ডার এতটাই উচ্ছ্বসিত যে, ছয় মাস পর মেসিদের সঙ্গে খেলার সুযোগ মিলবে জেনেও দুশ্চিন্তা করছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 04:36 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

আরএসিওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তুরান বলেন, “মেসি, ইনিয়েস্তা বা নেইমারের সঙ্গে খেলার স্বপ্ন আমার। তারা আমার আদর্শ; তারা বিশ্বের সেরা দলটা গড়েছে।”

বার্সেলোনার ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় নতুন দলের হয়ে আগামী জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না তুরান। বিষয়টা কষ্টের হলেও মেনে নিচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

“ছয় মাস মাঠের বাইরে থাকাটা কঠিন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমি বার্সার হয়ে খেলব। জানুয়ারিতে (বার্সার হয়ে) অভিষেক হওয়ার আগ পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব। দলকে সব শিরোপা জিততে আমি সাহায্য করব।”

আতলেতিকো মাদ্রিদের মাঝ মাঠে খেলা তুরান বার্সেলোনায় নিজের পজিশন নিয়েও ভাবছেন না। তুরস্কের এই তারকা ফুটবলার জানিয়েছেন, কোচ লুইস এনরিকে তাকে যে পজিশনে খেলাবেন, সেখানে খেলার জন্যই তৈরি তিনি।

আতলেতিকোর হয়ে স্পেনের লিগ শিরোপা জেতা তুরান ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ‍খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফেরেন। ওই আসরে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় আতলেতিকো।

তুরান এবার বার্সেলোনার হয়ে ইউরোপসেরার মুকুট জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন, “আশা করি, আমি এটা (চ্যাম্পিয়ন্স লিগ) জিততে পারি। এটা আমার প্রয়োজন। আমি বার্সেলোনার হয়ে খেলতে চাই; যেটা বিশ্বের সেরা দল।”

গত সোমবার ৩ কোটি ৪০ লাখ ইউরোয় আতলেতিকোর কাছ থেকে তুরানকে দলে টানার কথা জানায় বার্সেলোনা।