আর্জেন্টিনা-কলম্বিয়া: ছন্দে ফেরার লড়াই
চিলির বাতাসে ভাসছে উত্তেজনার রেণু; কোপা আমেরিকায় তৃতীয় কোয়ার্টার-ফাইনালে যে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা আর কলম্বিয়া। এবারের টুর্নামেন্টে শেষ আটের সবচেয়ে বড় ম্যাচ এটাই।
টুর্নামেন্টটা দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া…দলগুলোর মাঠের সবুজে সুন্দর ফুটবলের আল্পনা আঁকার কথা। ফলে কোপা আমেরিকাকে ঘিরে ফুটবলপ্রেমীদের আক্রমণাত্মক ফুটবলের পসরা দেখার প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।
এবারের কোপা আমেরিকায় সমর্থকদের এই প্রত্যাশা এখনও পূরণ হয়নি। সেদিক বিবেচনায় আক্রমণাত্মক ফুটবল গ্রুপ পর্বে যতটুকু দেখা গেছে, তা এই আর্জেন্টিনা আর কলম্বিয়াই খেলেছে।
চিলির ভিনা দেল মারে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায় হতে যাওয়া ম্যাচটিতে আক্রমণাত্মক আর সুন্দর ফুটবলের মনোহর প্রদর্শনী দেখার জন্য অপেক্ষা করে আছে গোটা ফুটবল বিশ্বই।
ম্যাচ শুরুর আগের আবহ অবশ্য প্রত্যাশা পূরণের ইঙ্গিতই দিচ্ছে। কলম্বিয়ার আক্রমণাত্মক ফুটবল খেলার অভ্যাস ম্যাচটিকে অনেক উন্মুক্ত আর প্রতিদ্বন্দ্বিতাময় করে দেবে বলে বিশ্বাস করেন আর্জেন্টিনার উইঙ্গার আনহেল দি মারিয়া। আর এটা তার দলকেও আক্রমণাত্মক ও সুন্দর ফুটবল খেলতে সাহায্য করবে বলে উল্লেখ করেন তিনি।
কলম্বিয়ার ফরোয়ার্ড হামেস রদ্রিগেসের কণ্ঠেও সুন্দর ফুটবল উপহার দেওয়ার প্রতিশ্রুতি আছে। এবারের কোপা আমেরিকায় দলটির সবচেয়ে বড় তারকা জানান, দুই দলের খেলার ধরন একইরকম বলে ম্যাচটি রোমাঞ্চকর হবে।
ধার ও ভার বিবেচনা করে এই লড়াইয়ে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখতে হয়। লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন, কার্লোস তেভেস-বলতে গেলে বিশ্বের সেরা আক্রমণ চতুষ্টয় এখন আর্জেন্টিনা দলে।
অন্যদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কলম্বিয়া দলে রয়েছে চোট আর নিষেধাজ্ঞার সমস্যা। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না স্ট্রাইকার কার্লোস বাক্কা আর মাঝমাঠের জুটি কার্লোস সানচেস ও এদউইন ভালেন্সিয়া।
পেকারমান অবশ্য মনে করেন, এই সমস্যা কাটিয়ে আর্জেন্টিনার সঙ্গে সমানে সমান লড়ার সামর্থ্য তার দলের আছে।
“চোট আর অনুপস্থিতি; এই ধরনের অসুবিধায় ভোগা আমাদের জন্য এটাই প্রথম নয়। কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ায় অভ্যস্ত আমরা।”
আর্জেন্টিনা ও কলম্বিয়া; কোয়ার্টার-ফাইনালের আগে দুই দলের বড় সমস্যা ছন্দহীনতা।
গ্রুপ পর্বে তিন ম্যাচের একটিতেও ছন্দময় ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। প্যারাগুয়ে, উরুগুয়ে আর জ্যামাইকা-তিন প্রতিপক্ষের একটির বিপক্ষেও জ্বলে উঠতে পারেনি তারা।
প্যারাগুয়ের সঙ্গে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। এরপর উরুগুয়ে ও জ্যামাইকার বিপক্ষে দুটি ম্যাচেই একমাত্র গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে পা রাখে জেরার্দো মার্তিনোর দল।
গ্রুপ পর্বে কলম্বিয়ার অবস্থাও ছিল তথৈবচ। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয়টি ছাড়া বলার মতো কিছু করতে পারেনি তারা। ভেনেজুয়েলার কাছে প্রথম ম্যাচেই ১-০ গোলে হারে পেকারমানের দল। আর শেষ ম্যাচে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ আটে আসে তারা।
দলের আক্রমণভাগের দুই বড় তারকা রাদামেল ফালকাও ও রদ্রিগেসের মধ্যে সমন্বয়ের অভাব ছিল চোখে পড়ার মতো।
কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়া, দুই দলের লক্ষ্যই তাই থাকবে ছন্দে ফেরা। দুই দলের তারকা খেলোয়াড়দের মনোযোগ থাকবে দলের প্রয়োজনে সময় মতো সব দ্যুতি নিয়ে জ্বলে ওঠা।
মেসি, আগুয়েরো, তেভেস, হিগুয়াইন নাকি রদ্রিগেস, ফালকাও; কোন আক্রমণভাগ জ্বলে উঠবে, দ্যুতি ছড়াবে ভিনা দেল মারের আঙিনায়? যারা পারবেন, তাদের দলই হয়ত শেষ আটের বাধা পেরিয়ে পা রাখবে কোপা আমেরিকার সেমি-ফাইনালে।
