২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালকাওকে সমীহ আর্জেন্টিনার মাসচেরানোর

কলম্বিয়ার রাদামেল ফালকাওকে ভালোভাবে জানার অভিজ্ঞতা থেকেই কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল সামনে রেখে তাকে সমীহ করার কথা জানিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 07:30 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

চিলিতে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায় কোপা আমেরিকার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এ ম্যাচ সামনে এক সময় রেখে রিভার প্লেটে একসঙ্গে খেলা সতীর্থ ফালকাওকে নিয়ে নিজের দুর্ভাবনার কথা জানান মাসচেরানো।

“আমি শুধু ফালকাওয়ের বিপক্ষেই খেলিনি, রিভার প্লেটেও একসঙ্গে ছিলাম আমরা; আমি তাকে খুব ভালোভাবেই জানি।”

চোটের কারণে গত বিশ্বকাপে খেলতে পারেননি ফালকাও। কোপা আমেরিকার এবারের আসরে এখনও নিজের সেরা ফর্ম ফিরে পাননি মোনাকোর এই ফরোয়ার্ড। কিন্তু তার পরও কলম্বিয়ার এই তারকাকে হালকাভাবে না নেওয়ার কথা জানান মাসচেরানো।

কোপা আমেরিকার ১৪তম শিরোপার সর্বশেষটি ১৯৯৩ সালে জিতেছে আর্জেন্টিনা। লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের এই আসরে শিরোপা-খরা কাটানোর পথে আরেক ধাপ এগুতে হলে ফালকাওয়ের কলম্বিয়াকে আটকাতে হবে। মাসচেরানো এর জন্য প্রস্তুত বলে জানান।

“এটা সময়ের ব্যাপার। আমার কোনো সন্দেহ নেই, এক সময় ফালকাওয়ের সেরাটা দেখা যাবে। আমি আশা করি, এটা ম্যাচের দিন হবে না।”