২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার মাঝমাঠের শূন্যতায় ‘এগিয়ে’ আর্জেন্টিনা

কলম্বিয়া দলে চোটের প্রকোপ আর নিষেধাজ্ঞার বেড়াজাল আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেবে বলেই মনে করেন জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 06:44 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে কলম্বিয়া। চোট আর নিষেধাজ্ঞা মিলিয়ে শেষ আটের এই ম্যাচে খেলতে পারবেন না দলটির স্ট্রাইকার কার্লোস বাক্কা এবং মাঝমাঠের জুটি কার্লোস সানচেস ও এদউইন ভালেন্সিয়া। 
 
আর্জেন্টিনার কোচ মার্তিনো মনে করেন, মাঝমাঠের শূন্যতাটাই কলম্বিয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে।
 
“দুই মিডফিল্ডারের অনুপুস্থিতি কলম্বিয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমি জানি না, তাদের বিকল্প (হিসেবে খেলার মতো) খেলোয়াড় কলম্বিয়ার আছে কিনা।”
 
সব মিলিয়ে শেষ আটের ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে খুব একটা ভয় নেই বলে জানান মার্তিনো। তবে রেফারিং নিয়ে একটু শঙ্কায়ই আছেন আর্জেন্টিনার কোচ। 
 
“আমরা রেফারিদের নিয়ে চিন্তিত। কোপা আমেরিকায় সেরা রেফারিরা এসেছে, কিন্তু তাদের সেভাবেই কাজ করা প্রয়োজন।”
 

চিলি ও উরুগুয়ের প্রথম কোয়ার্টার-ফাইনাল ম্যাচের রেফারিং দেখেই চিন্তায় পড়ে যাওয়ার কথা উল্লেখ করেন মার্তিনো। সেই ম্যাচে চিলির গনসালো হারার সঙ্গে উরুগুয়ের এদিনসন কাভানির ঝামেলা হয়। রেফারি কাভানিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। কিন্তু মার্তিনো মনে করেন, হারাই ভুল করেছিলেন।  চিলির ভিনা দেল মারে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শেষ আটের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায়।