ম্যাচের আগে মেসির প্রশংসা পেকারমানের
আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ের আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকার প্রশংসায় পঞ্চমুখ হলেন কলম্বিয়া কোচ হোসে পেকারমান। আর্জেন্টিনার সাবেক কোচের চোখে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসিই।
কোপা আমেরিকার গ্রুপ পর্বে মেসি তেমন একটা ঝলক দেখাতে পারেননি। বার্সেলোনার হয়ে একের পর এক গোল করা মেসি গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র একটি গোল পেয়েছেন পেনাল্টি থেকে।
গ্রুপ পর্বে কিছুটা নিষ্প্রভ হয়ে থাকলেও মেসিই শেষ আটের ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন বলে মনে করেন পেকারমান।
“মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং আর্জেন্টিনা বিশ্বকাপের মতো একই রকম খেলছে।”
চিলির ভিনা দেল মারে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শেষ আটের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায়। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা দলের শক্তির অন্যান্য দিক নিয়েও কথা বলেন পেকারমান।
“তাদের নতুন কিছু খেলোয়াড়ও আছে, তারাও দলের জন্য অনেক অবদান রাখছে।”
