২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে ব্রাজিল

দলের সবচেয়ে বড় তারকা নেইমারের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 03:40 PM

Updated : 26 Jul 2022, 12:01 PM

চিলির সান্তিয়াগোয় কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদের সর্বশেষ ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড পান নেইমার। ওই ঘটনায় পরে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন। এতে করে নেইমারের এবারের কোপা আমেরিকায় খেলার পথ বন্ধ হয়ে গেছে।
 
একাধিক গণমাধ্যম জানিয়েছে, নেইমারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার বিষয় নিয়ে সিবিএফের আইনজীবী কাজ করছেন। তবে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা বলেন, “আমরা বিষয়টি সিবিএফের ওপর ছেড়ে দিয়েছি। নেইমারকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে, সেটা নিয়ে তারা তাদের মতামত দেবে। (আমরা শুধু চাই) সবাই সমান বিচার পাক।”
 
“ফুটবলে নেইমার অনেক কিছু। যারা ফুটবল পছন্দ করে, তারা সবাই তাকে মাঠে দেখতে চায়-যেমনটা লিওনেল মেসি, আনহেল দি মারিয়া এবং আলেক্সিস সানচেসকে দেখতে পছন্দ করে তারা”, যোগ করেন তিনি।
 
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মেরে লাল কার্ড দেখেন নেইমার। পরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়ান ব্রাজিল অধিনায়ক। মাঠ থেকে ফেরার পথে রেফারির লাল কার্ড দেখেন তিনি।
 
প্রাথমিকভাবে নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পরে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন সেই দিনের ঘটনা বিশ্লেষণ করে তার শাস্তি বাড়ায়। ফলে ব্রাজিল এ টুর্নামেন্টের ফাইনালে উঠলেও তাতে খেলা হবে না নেইমারের।
 
ওই ম্যাচ শেষে নেইমারকে পেছন থেকে ধাক্কা দেওয়া কলম্বিয়ার কার্লোস বাক্কাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।