২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারদের আচরণের সমালোচনায় কলম্বিয়া কোচ

হারের পর ব্রাজিলের খেলোয়াড়দের রেফারির সমালোচনা করাটা হোসে পেকেরমানের কাছে যৌক্তিক মনে হয়নি। নেইমার ও তার সতীর্থদের আচরণকে 'নাচতে না জানলে উঠান বাঁকা' বলে মনে করেন কলম্বিয়ার এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 08:37 PM

Updated : 26 Jul 2022, 12:01 PM

চিলির সান্তিয়াগোতে কলম্বিয়ার কাছে একমাত্র গোলে হেরে যায় ব্রাজিল। কোপা আমেরিকার 'সি' গ্রুপের দ্বিতীয় রাউন্ডের এই হারে ব্রাজিলের ১১ ম্যাচের জয়রথ থামল। ম্যাচ শেষে দুই দলই বিবাদে জড়িয়ে পড়ে। ব্রাজিলের নেইমার ও কলম্বিয়ার কার্লোস বাক্কা লাল কার্ড পান।

পরে ম্যাচ শেষে নেইমার অভিযোগ করেন, পুরো ম্যাচে তাকে বারবার ফাউল করা হয়েছে। আর নেইমারের সতীর্থরা তো রেফারি এনরিকে ওসেসের উপর বেজায় ক্ষীপ্ত। তার পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেন ব্রাজিলের খেলোয়াড়েরা।

আর রেফারির সিদ্ধান্তের সমালোচনার বিষয়টাতেই কোচ পেকেরমানের যত আপত্তি। সাধারণত রেফারিদের নিয়ে কথা বলাটা ঠিক পছন্দ করেন না বলে জানান আর্জেন্টাইন এই কোচ।

সেই সঙ্গে ম্যাচের ফল প্রসঙ্গে তিনি বলেন, "আমি মনে করি, দুই দলের পারফরম্যান্সেই উত্তরটা আছে। আজ আমি দেখেছি, প্রথমার্ধে কলম্বিয়া অনেক এগিয়ে ছিল এবং দ্বিতীয়ার্ধে ম্যাচে অনেক ভারসাম্য ছিল। দ্বিতীয়ার্ধে ব্রাজিল তুলনামূলক একটু ভালো খেলেছে, কিন্তু দ্বিতীয়ার্ধে কলম্বিয়াও পরিষ্কার সুযোগ পেয়েছে এমনকি বল দখলে পিছিয়ে থাকার পরও।"

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মারেন নেইমার। এরপরই বিবাদে জড়িয়ে যায় দুই দলের খেলোয়াড়রা। কলম্বিয়ার কার্লোস বাক্কা পেছন থেকে নেইমারকে ধাক্কাও মারেন।

মাঠ থেকে বের হওয়ার সময় রেফারি ছুটে গিয়ে লাল কার্ড দেখান নেইমারকে। বাক্কাকেও পেতে হয় একই শাস্তি।

কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে এটাই কলম্বিয়ার প্রথম জয়। আর প্রতিবেশী দলটির বিপক্ষে সব মিলিয়ে কলম্বিয়ার এটা মাত্র দ্বিতীয় জয়।

এই জয়ে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থেকে কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো করেছে কলম্বিয়া। দুই রাউন্ড শেষে এই গ্রুপে ব্রাজিল আর ভেনেজুয়েলার মতো কলম্বিয়ারও পয়েন্ট হলো ৩।

পুরনো খবর:

নেইমারের ভুল স্বীকার
রেফারির সমালোচনায় ব্রাজিল কোচ
নেইমারকে হারিয়ে দুঃশ্চিন্তায় ব্রাজিল
ব্রাজিলকে হারিয়ে টিকে রইল কলম্বিয়া
ব্রাজিলের হারের হতাশায় নেইমারের লাল কার্ড