২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে হারিয়ে টিকে রইল কলম্বিয়া

অবশেষে থামল ব্রাজিলের জয়রথ। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের একমাত্র গোলে হারিয়ে কোপা আমেরিকায় টিকে রইল কলম্বিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 08:07 AM

Updated : 12 Oct 2022, 03:52 PM

পুরনো খবর:

নেইমারের ভুল স্বীকার
নেইমারকে হারিয়ে দুঃশ্চিন্তায় ব্রাজিল
রেফারির সমালোচনায় ব্রাজিল কোচ
নেইমারদের আচরণের সমালোচনায় কলম্বিয়া কোচ
ব্রাজিলের হারের হতাশায় নেইমারের লাল কার্ড

বিশ্বকাপের পর টানা ১১টি ম্যাচ জিতে আকাশে উড়ছিল ব্রাজিল। কার্লোস দুঙ্গার দলকে মাটিতে নামিয়ে গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে হারের প্রতিশোধও নিল কলম্বিয়া।

চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ম্যাচের শুরুতে দুই দলই দ্রুতগতির খেলা শুরু করে। তবে একটু পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কলম্বিয়া। দলের তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেসের কয়েকটি ক্রস ব্রাজিলের ডি-বক্সে বিপদ তৈরি করে।

সপ্তদশ মিনিটে রদ্রিগেস বাঁ থেকে বিপজ্জনক একটি ক্রস বাড়িয়েছিলেন ব্রাজিলের ডি বক্সে। মিরান্দা কর্নারের বিনিময়ে তা বিপদমুক্ত করেন। ৩১তম মিনিটে দূরপাল্লার শট নিয়েছিলেন কার্লোস সানচেস। মিরান্দার গায়ে লেগে তা গোলপোস্টের একটু বাইরে দিয়ে যায়।

একের পর এক আক্রমণের সুফল একটু পরেই পায় কলম্বিয়া। ৩৬তম মিনিটে ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ফ্রি-কিক ডি-বক্সের ভেতর ব্রাজিলের ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে পারেননি। জটলা থেকে দারুণ শটে গোল করেন ডিফেন্ডার জেইসন মুরিয়ো। দেশের হয়ে এটাই তার প্রথম গোল।

৪৩তম মিনিটে ডি-বক্সের সীমানা থেকে কুয়াদরাদোর শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

বিরতির একটু আগে প্রথমার্ধে গোলের একমাত্র সুযোগটি আসে ব্রাজিলের। আলভেসের ক্রসে নেইমারের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ অসপিনা। তবে ফিরতি বল হাতে লাগায় হলুদ কার্ড দেখতে হয় ব্রাজিল অধিনায়ককে। বিরতির আগে তো হতাশায় বলে ঘুষিই মেরে বসেন তিনি।

বিরতির পর অনুজ্জ্বল ফ্রেদের বদলে লিভারপুলের মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োকে মাঠে নামান ব্রাজিল কোচ দুঙ্গা। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে আক্রমণে যায় ব্রাজিল। ৪৮তম মিনিটে ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে ডান পায়ের লক্ষ্যভ্রষ্ট শট নেন নেইমার।

৫১তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে কলম্বিয়ার কুয়াদরাদোর শটও পোস্টের বাইরে দিয়ে যায়। ৫৪তম মিনিটে নেইমারে ফ্রি-কিকে বল সোজা যায় গোলরক্ষকের হাতে।

তবে ৫৮তম গোল শোধ করার সবচেয়ে সহজ সুযোগটি হারান ব্রাজিলের রবার্তো ফিরমিনো।

গোলদাতা মুরিয়ো বিপজ্জনক এক ব্যাকপাস দিয়েছিলেন গোলরক্ষককে। অসপিনার পক্ষে বল বিপদমুক্ত করা সম্ভব হয়নি। বদলি হিসেবে নামা দগলাস কস্তা তা পায়ের টোকায় পাঠান বিপজ্জনক এলাকায়। বল যখন ফিরমিনোর পায়ে আসে তখন সামনে অরক্ষিত গোলপোস্ট। কিন্তু হফেনহাইমের এই মিডফিল্ডার অনেক সময় নিয়েও ক্রসবারের ওপর দিয়ে শট নিলেন!

৮৯তম মিনিটে রদ্রিগেসের দারুণ একটি কোনাকুনি নিচু শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে না গেল ব্যবধান দ্বিগুণ করতে পারত কলম্বিয়া।

যোগ করা সময়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে কয়েকটি আক্রমণ চালিয়েও সুফল পায়নি ব্রাজিল।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়লে রেফারি লাল কার্ড দেখান নেইমার আর কলম্বিয়ার বদলি খেলোয়ার কার্লোস বাক্কাকে। এতে ব্রাজিলের আগামী তিনটি ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ব্রাজিল অধিনায়ক।

এই জয়ে ‘সি’ গ্রুপে ব্রাজিল আর ভেনেজুয়েলার মতো কলম্বিয়ারও পয়েন্ট হলো ৩।

নেইমারের নৈপুণ্যে পেরুকে ২-১ হারিয়ে কোপা আমেরিকার এবারের মিশন শুরু করেছিল ব্রাজিল। অন্যদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয় হোসে পেকারমানের কলম্বিয়ার।

কোপা আমেরিকায় গত ১০ বার মুখোমুখি হয়ে কখনই ব্রাজিলকে হারাতে পারেনি কলম্বিয়া।

ব্রাজিল বিশ্বকাপেও রদ্রিগেসদের কাঁদিয়ে সেমি-ফাইনালে উঠেছিল নেইমাররা। এরপর প্রীতি ম্যাচেও কলম্বিয়াকে হারিয়েছিল বিশ্বকাপের পর অজেয় হয়ে ওঠা ব্রাজিল। অবশেষে এর বদলা নিয়ে ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়া তাদের ফুটবল ইতিহাসের তৃতীয় জয়টি তুলে নিল।