২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে হারিয়ে দুঃশ্চিন্তায় ব্রাজিল

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখা অধিনায়ক নেইমারকে পরের কয়েকটি ম্যাচের জন্য হারিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন কার্লোস দুঙ্গা। তবে দলের সেরা তারকাকে ছাড়া কোপা আমেরিকার সামনের পথটুকু পাড়ি দেওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিলের এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:59 PM

Updated : 26 Jul 2022, 12:01 PM

চিলির সান্তিয়াগোয় গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারে ব্রাজিল। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মেরে লাল কার্ড পান নেইমার।

এমনিতেই পরপর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে পারতেন না নেইমার। ম্যাচ শেষে লাল কার্ড দেখায় আরও দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

তিন ম্যাচ নিষিদ্ধ হলে ব্রাজিল ফাইনালে উঠলে অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেবল এই টুর্নামেন্টে আবার মাঠে নামার সুযোগ পাবেন নেইমার। তাই দলের সেরা তারকাকে ছাড়া সামনের পথটা পাড়ি দেওয়ার ছক কষছেন দুঙ্গা।

“নেইমারকে ছাড়া কিভাবে খেলা যায়, সেটা নিয়ে চিন্তা শুরুর জন্য আমাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

নেইমার দলের জন্য মূল্যবান কিন্তু তাকে ছাড়াও অতীতে ব্রাজিলের সাফল্য পাওয়ার উদাহরণ টেনে দুঙ্গা বলেন, “একবার আমরা নেইমারকে ছাড়াই খেলেছিলাম (মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়) । আমাদের প্রস্তুত হতে হবে এবং একতাবদ্ধ হতে হবে।”

“তাকে (নেইমার) পেলে ভালো লাগত কিন্তু এটা সম্ভব নয়। তাই পরিস্থিতির সমাধানের পথটা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে।”

আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল।

পুরনো খবর:

নেইমারের ভুল স্বীকার
রেফারির সমালোচনায় ব্রাজিল কোচ
নেইমারদের আচরণের সমালোচনায় কলম্বিয়া কোচ
ব্রাজিলকে হারিয়ে টিকে রইল কলম্বিয়া
ব্রাজিলের হারের হতাশায় নেইমারের লাল কার্ড