২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের ভুল স্বীকার

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে অকারণে বিবাদে জড়িয়ে লাল কার্ড পাওয়াটা ভুল ছিল বলে স্বীকার করেছেন নেইমার। তবে অনুতপ্ত ব্রাজিল অধিনায়ক মনে করেন, এটা খেলারই অংশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 08:53 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

চিলির সান্তিয়াগোয় বৃহস্পতিবার ভোরে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারে ব্রাজিল। শেষ বাঁশি বাজার পর হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মেরে লাল কার্ড পান নেইমার।

ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করতে গিয়ে নেইমার বলেন, “আমি ভুল স্বীকার করছি। আজ যেটা হয়েছে, তার পুরো দায় নিচ্ছি।”

কলম্বিয়ার বিপক্ষে দলের বাজে ফুটবল খেলারও সমালোচনা করেন নেইমার, “আমি একটি ভুল করেছিলাম। কিন্তু এটা খেলার অংশ। আমরা হেরেছি এবং আমি বিশ্বাস করি, আমরা বাজে খেলেছিলাম। আমি নিজেও ভালো খেলিনি।”

পর পর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি এমনিতেই খেলতে পারতেন না নেইমার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষে লাল কার্ড দেখায় আরও দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।