২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারির সমালোচনায় ব্রাজিল কোচ

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের রেফারি এনরিকে ওসেসের তীব্র সমালোচনা করেছেন কার্লোস দুঙ্গা। অতীতেও চিলির এই রেফারি ম্যাচ পরিচালনায় ব্যর্থ হয়েছেন বলেও ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জানিয়েছেন ব্রাজিলের এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 06:37 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

ম্যাচ শেষে রেফারিকে নিয়ে কথা বলা ‘ভালো কিছু নয়’ জানিয়ে দুঙ্গা বলেন, “আমি মনে করি, শেষের ঘটনাটাসহ পুরো ম্যাচে কি হয়েছিল, সেটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারাও বুঝবেন সেখানে রেফারির কিছু করার ছিল।”

লিবার্তোদোরেস কাপে এনরিকের বাজে রেফারিংয়ের উদাহরণ টেনে ব্রাজিল কোচ আরও বলেন, “করিন্থিয়ান্সের একটি ম্যাচে একই সমস্যা হয়েছিল, যখন এই রেফারি দায়িত্বে ছিলেন।”

চিলির সান্তিয়াগোয় গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারে ব্রাজিল। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মারেন নেইমার। এরপরই বিবাদে জড়িয়ে যায় দুই দলের খেলোয়াড়রা। কলম্বিয়ার কার্লোস বাক্কা পেছন থেকে নেইমারকে ধাক্কাও মারেন। পরে নেইমার আর বাক্কাকে দেখতে হয় লাল কার্ড।

শেষ মুহূর্তের এমন ঘটনায় ক্ষুব্ধ দুঙ্গা বলেন, “ম্যাচ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, দুর্ভাগ্যজনকভাবে রেফারি সেটা জানেন না।”

এমনিতেই পরপর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে পারতেন না নেইমার। ম্যাচ শেষে লাল কার্ড দেখায় আরও দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

তিন ম্যাচ নিষিদ্ধ হলে ব্রাজিল ফাইনালে উঠলে অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেললে কেবল এই টুর্নামেন্টে আবার মাঠে নামার সুযোগ পাবেন নেইমার।

আগামী সোমবার বাংলাদেশ সময় ভোরে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল।