২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার কাছে হেরেও আশাবাদী উরুগুয়ে

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে শুভ সূচনা করলেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি উরুগুয়ে। আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গ্রুপের তৃতীয় স্থানে নেমে গেছে তারা। তবে শেষ ম্যাচে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার আশা করছে টুর্নামেন্টের সফলতম দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 03:16 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

চিলির লা সেরেনা শহরে বুধবার বাংলাদেশ সময় সকালে ‘বি’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। তবে প্রথম ম্যাচে জ্যামাইকাকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ায় এবং আরেকটি ম্যাচ বাকি থাকায় শেষ আটে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী দলটির ডিফেন্ডার মাক্সি পেরেইরা।
 

ম্যাচ শেষে পেরেইরা বলেন, “আমাদের পরের প্রতিপক্ষ প্যারাগুয়ে এবং তাদের বিপক্ষে আমরা পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করার জন্যে খেলব। আমরা জানতাম, বিষয়টা এমন হবে। জানতাম, এটা কঠিন একটা গ্রুপ হবে। কিন্তু আমাদের ৩ পয়েন্ট আছে এবং একটা সুযোগ থাকায় আমরা লড়াইয়েই আছি।” আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপের শেষ রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ওই ম্যাচে ড্র করলেও শেষ আটে ওঠার সম্ভাবনা থাকবে ১৫ বারের চ্যাম্পিয়নদের। তবে সেক্ষেত্রে অনেক হিসেব-নিকেশের উপর নির্ভর করতে হবে তাদের। কোপা আমেরিকার তিনটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল এবং তৃতীয় স্থানে থাকা তিনটি দলের মধ্যে সেরা দুটি দল কোয়ার্টার-ফাইনালে উঠবে। উরুগুয়েকে হারিয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তালিকায় প্যারাগুয়ের সঙ্গে শীর্ষে আছে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে থাকা উরুগুয়ের সংগ্রহ ৩ পয়েন্ট। জ্যামাইকা এখনও কোনো পয়েন্ট পায়নি।