তবু শীর্ষে থাকার গর্ব বার্সেলোনা কোচের
সেভিয়ার মাঠে গিয়ে পয়েন্ট খোয়ালেও শিষ্যদের সমালোচনা করছেন না লুইস এনরিকে। বরং শীর্ষে থাকার তৃপ্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে প্রত্যয়ী বার্সেলোনা কোচ।
শনিবার সেভিয়ার সঙ্গে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। ম্যাচের ফল বদলানোর সুযোগ নেই জানিয়ে এনরিকে বলেন, “ঠিক আছে; এখনো আমরা তালিকায় শীর্ষে রয়েছি।”
এই ড্রয়ে চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এখন মাত্র দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে বার্সেলোনা। রিয়ালের পয়েন্ট ৭৩ আর বার্সেলোনার পয়েন্ট ৭৫।
চতুর্দশ মিনিটেই লিওনেল মেসি প্রতিপক্ষের আচমকা শটে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। আর ৩০তম মিনিটে ফ্রি-কিক থেকে দর্শনীয় এক গোল করেন নেইমার।
দুই গোলে পিছয়ে পড়া সেভিয়া ৩৮তম মিনিটে এভার বানেগার দূরপাল্লার শটে ম্যাচে ফেরে। আর আলেক্সিস ভিদালের নিচু ক্রস থেকে ৮৪তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান কেভিন গামেইরো।
জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে হেরে যাওয়ার প্রসঙ্গে দ্বিতীয়ার্ধের ভুলকেই বড় করে দেখছেন এনরিকে।
“দ্বিতীয়ার্ধে ভারসাম্য ছিল। কোনো দলেরই একক আধিপত্য ছিল না এবং আমরা একটা ভুল করেছিলাম।”
অবশ্য সেভিয়ার কাছে পয়েন্ট হারালেও তা নিয়ে খুব একটা ভাবছেন না এনরিকে। গত মৌসুমের উদাহরণ টেনে বার্সেলোনা কোচ বলেন, “গত বছর শেষ দিনে লিগ শিরোপা নিষ্পত্তি হয়েছিল। এ বছর (শেষের আগে) আমরা এখনও শীর্ষে আছি।”
