২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোয় আনচেলত্তির বিস্ময় বাড়ছেই

দিনকে দিন ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে কার্লো আনচেলত্তির বিস্ময় বাড়ছেই। এইবারের বিপক্ষে জয়ের পর তাই প্রিয় শিষ্যের প্রশংসায় বরাবরের মতো পঞ্চমুখ হয়েছেন রিয়াল মাদ্রিদের এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 08:23 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

পুরনো খবর:

রিয়ালের জয়ে গোল রোনালদোর

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে এইবারকে ৩-০ গোলে হারায় রিয়াল। এ ম্যাচে ফ্রি-কিক থেকে অসাধারণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন রোনালদো।

ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ডের ফ্রি-কিক নিয়ে আনচেলত্তি মুগ্ধতার কথা বলেন, “ফ্রি কিক থেকে গোল করা সহজ নয়। ক্রিস্তিয়ানো সবসময় আমাকে বিস্মিত করে; কেননা, সে সবসময় গোল পেতে এবং খেলতে চায়। এই চাওয়াটাই তাকে বাকি ফরোয়ার্ডদের থেকে আলাদা করে দেয়।”

২১তম মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে রোনালদোর নেওয়া ফ্রি-কিক প্রতিপক্ষ গোলরক্ষককে বিভ্রান্ত করে ঠিকানা খুঁজে নেয়। এরপর হাভিয়ের এরনান্দেস ও জেসের গোল রিয়ালের জয় নিশ্চিত করে।

আলভারো আরবেলোয়ার ক্রসে নিখুঁতভাবে মাথা ছুইঁয়ে লক্ষ্যভেদ করা এরনান্দেসকে প্রশংসা করতেও ভোলেননি আনচেলত্তি। মেক্সিকোর ফরোয়ার্ড সুযোগের সদ্ব্যবহার করে দলের জন্য গুরুত্বপূর্ণ গোল করেছে বলে জানান রিয়াল কোচ।

এইবারের বিপক্ষে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া লা লিগার তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কমিয়ে এনেছে রিয়াল। বার্সেলোনা ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও রিয়াল এ মুহূর্তে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। ৪ পয়েন্টের ব্যবধান ২-এ নেমে আসায় আনচেলত্তিও জানান, সবকিছুই পরিকল্পনামাফিক হয়েছে।

আনচেলত্তি এবার মনোযোগ দিচ্ছেন মাদ্রিদ ডার্বির দিকে। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল।

আনচেলত্তি জানান, অনুপ্রেরণার কমতি না থাকলেও আতলেতিকোর বিপক্ষের ম্যাচটি তাদের জন্য ‘স্নায়ুক্ষয়ী’ হতে যাচ্ছে।