রিয়ালের জয়ে গোল রোনালদোর
দুর্ভাগ্যের শিকার আর গোলের সহজ সুযোগগুলো হেলায় হারানোর মাশুল গুণতে হয়নি রিয়াল মাদ্রিদকে। লা লিগার ম্যাচে দুর্বল এইবারকে ৩-০ গোলে ঠিকই হারিয়েছে কার্লো আনচেলোত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রিয়ালের জয়ে ক্রিস্তিয়ানো রোনালদো, হাভিয়ের এরনান্দেস ও জেসে একটি করে গোল করেন।
ম্যাচের ১৮তম মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। সের্হিও রামোসের শট ক্রসবারে লেগে ফেরত আসে। ফিরতি বলে ইসকোর শট ডান পোস্টে লেগে গোল লাইনের ওপর দিয়ে গড়িয়ে বাম পোষ্টে লেগে ফিরে এলে স্বাগতিক সমর্থকদের হতাশা বাড়ে আরও।
এই গোলের সুবাদে ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করতে না পারার ব্যর্থতা ঘুচিয়ে নিলেন রোনালদো। গত বছর মার্চে সেভিয়ার বিপক্ষে ম্যাচে সর্বশেষ ফ্রি-কিক থেকে গোল পান এই তারকা ফরোয়ার্ড।
এর এক মিনিট পরই গোলের একটি সহজ সুযোগ হেলায় হারান রোনালদো। এরনান্দেসের ক্রসে তিনি পা ছোঁয়াতে পারলেই ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত রিয়াল কিন্তু বর্তমান বিশ্বসেরা এই ফুটবলার ব্যর্থ হন।
৩১তম মিনিটে এরনান্দেসের গোলে ব্যবধান বাড়ে। ডান দিক দিয়ে আক্রমণে যাওয়া আলভারো আরবেলোয়ার ক্রসে মাথা ছুঁইয়ে গোলটি করেন মেক্সিকোর এই ফরোয়ার্ড।
৮৩তম মিনিটে রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত করে দেন জেসে। বক্সের বাইরে থেকে বল নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের কোণাকুনি শটে লক্ষ্যভেদ করেন জেসে।
জিতলেও ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পেছনেই থাকতে হচ্ছে রিয়ালকে। সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত বার্সেলোনার পয়েন্ট ৭৪।
