বার্সেলোনাকে রুখে শিরোপা লড়াই জমিয়ে দিল সেভিয়া
বার্সলোনাকে রুখে দিয়ে ঘরের মাঠে এ মৌসুমে লা লিগায় অপরাজিতই থাকল সেভিয়া। লিওনেল মেসি আর নেইমারের গোলে এগিয়ে থেকেও ২-২ গোলের ড্র নিয়েই ফিরতে হয়েছে লুইস এনরিকের দলটিকে।
এই ড্রয়ে বেশ জমে উঠল শিরোপা লড়াই। চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এখন মাত্র দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকল বার্সেলোনা।
ম্যাচের চতুর্দশ মিনিটেই মেসি জাদুতে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের ডান দিকে বল পেয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সামনে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়েই আচমকা শট নেন তিনি। বাঁ পায়ের বাঁকানো শটটি ঠেকাতে পারেননি গোলরক্ষকও।
লিগে এটি মেসির ৩৪তম গোল। ৩৮টি গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।
ম্যাচের আধ ঘণ্টার মধ্যেই ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। ৩০তম মিনিটে ফ্রি-কিক থেকে দর্শনীয় এক গোল করেন নেইমার। ব্রাজিলের এই তারকার ডান পায়ের বাঁকানো ফ্রি-কিকে গোলপোস্টের বা পাশের ওপরের কোণ দিয়ে বল জালে ঢুকে যায়। গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না।
লা লিগায় এ নিয়ে নেইমারের গোল হল ১৮টি।
দুই গোল হজম করেও দমে যায়নি স্বাগতিকরা। একের পর এক আক্রমণ চালিয়ে সাফল্যও পায় তারা।
৩৮তম মিনিটে এভার বানেগার দূরপাল্লার দারুণ শট ব্রাভো ডান দিকে ঝাপিয়ে পড়ে বলে হাত লাগাতে পারলেও ফেরাতে পারেননি। বল বারে লেগে ঢুকে যায় জালে।
