তেভেসের নৈপুণ্যে ইউভেন্তুসের জয়
কার্লোস তেভেসের নৈপুণ্যে ইতালির সেরি আতে এম্পোলিকে হারিয়ে শিরোপা জেতার পথে রয়েছে ইউভেন্তুস।
শনিবার নিজেদের মাঠে এম্পোলিকে ২-০ গোলে হারায় ইউভেন্তুস। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড তেভেস একটি গোল করেন আর অন্যটিতে অবদান রাখেন।
ঘরের মাঠে শুরু থেকে ভালো ফুটবল উপহার দিলেও তেভেসের গোলে এগিয়ে যেতে ইউভেন্তুসকে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। লিগে ১৭টি গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
৯০তম মিনিটে তেভেসের শট ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি এম্পোলির গোলরক্ষক। ফিরতি শটে গোল করেন তেভেসের স্বদেশি রবের্তো পেরেইরা।
এই জয়ের পর ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট হলো শীর্ষ স্থানে থাকা ইউভেন্তুসের। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আগের ম্যাচে নাপোলিকে একমাত্র গোলে হারানো এএস রোমা।
শনিবার পালেরমোকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারায় এসি মিলান। আর ইন্টার মিলান ঘরের মাঠে পার্মার সঙ্গে ১-১ গোলে ড্র করে।
অষ্টম স্থানে থাকা মিলানের পয়েন্ট ২৯ ম্যাচে ৪১। ৩ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে আছে ইন্টার।
