ক্রমাগত উন্নতির চেষ্টায় রোনালদো
অনেকের মতেই বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো কিন্তু আরো উন্নতির জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
মঙ্গলবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো উন্নতির জন্য তার ক্রমাগত চেষ্টার কথা জানান। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে মিলে ফ্রান্স ফুটবলই যৌথভাবে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দেয়।
২০১৩ সালেও ফিফা ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। তাছাড়া ২০০৮ সালে আলাদাভাবে ফিফা বর্ষসেরা এবং ব্যালন ডি’অর জেতেন তিনি। দলগতভাবেও দারুণ সফল এই পর্তুগিজ। জাতীয় দলের হয়ে কোনো শিরোপা না জিতলেও, ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপা জিতেছেন তিনি।
রিয়ালের জার্সিতে এই মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। তারপরও নিজের খেলা নিয়ে সমালোচনা করলেন তিনি।
“বর্তমানে আমি আমার বাঁ পায়ের সক্ষমতা বাড়াতে, আরও ক্ষিপ্র হতে এবং আমার ফ্রি-কিকের উন্নতি করতে চেষ্টা করছি। সম্প্রতি এগুলোতে খুব একটা সাফল্য পাইনি আমি।"
নিজের ফ্রি-কিক বা গতিতে সন্তুষ্ট না হলেও সমস্যা কাটিয়ে ওঠার ব্যাপারে রোনালদো আত্মবিশ্বাসী। তবে কঠিন পরিশ্রম না করলে তা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
রোনালদোর মতে, মাঠে শতভাগ সফল হতে কিংবা হওয়ার চেষ্টা করতে সুস্থ থাকাটাও খুব জরুরি।
“প্রতি মৌসুমে আমি যদি ৬০ ম্যাচের বেশি খেলতে পারি, এর অর্থ আমি নিজের প্রতি খেয়াল রাখি। আমি ভালো ঘুমাই, ভালো খাই। এই বিষয়গুলোতেও আমি নিখুঁত হতে চাই। আর তা না হলে, কেউই খেলার উন্নতি ধরে রাখতে পারবে না।”
