জয়ে ফিরল আতলেতিকো
গ্রানাদাকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।
গত সপ্তাহে বার্সেলোনার কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল দিয়েগো সিমেওনের দল।
রোববার ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে ম্যাচের ৩৪তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো।
ডি বক্সে বল পায়ে ঢুকে পড়া দিয়েগো গোদিনকে বাজেভাবে ফাউল করা হলে পেনাল্টি পায় আতলেতিকো; তা থেকেই গোলটি করেন মারিও মানজুকিচ।
৬৮তম মিনিটে আতলেতিকোর ব্যবধান দ্বিগুণ হতে পারতো, কিন্তু ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মানজুকিচের হেড একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়।
৮৪তম মিনিটে মানজুকিচকে বসিয়ে রাউল গার্সিয়াকে নামান কোচ দিয়েগো সিমেওনে।
আর বদলি হিসেবে নামার চার মিনিটের মধ্যেই তুরস্কের মিডফিল্ডার আরদা তুরানের ক্রসে হেড করে জয় নিশ্চিত করেন স্পেনের মিডফিল্ডার গার্সিয়া।
এই জয়ে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো।
এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দিনের প্রথম ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারায় রোনালদো-বেলরা।
