রোনালদোর জোড়া গোলে রিয়ালের সহজ জয়
একরাশ হতাশা নিয়ে স্প্যানিশ কাপ থেকে ছিটকে পড়লেও লিগে নিজেদের শীর্ষস্থান পোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
রোববার প্রতিপক্ষের মাঠে রিয়ালের অন্য গোলটি করেন গ্যারেথ বেল।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট বেড়ে হলো ৪৫। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।
গত বৃহস্পতিবার স্প্যানিশ কাপের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করে দুই লেগ মিলে ৪-২ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে রিয়াল।
গেতাফের মাঠে এ দিনও রিয়াল সমর্থকদের শুরুতে বেশ কয়েকবার হতাশ হতে হয়। প্রথম আধা ঘণ্টায় কয়েকবার সুযোগ পেলেও লক্ষ্যভেদে ব্যর্থ হয় রোনালদো, করিম বেনজেমা, বেলরা।
৪৪তম মিনিটে প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি পায় রিয়াল, কিন্তু টনি ক্রুসের জোরালো শটটা বারে বাধা পায়।
দ্বিতীয়ার্ধের প্রথম দিকে তিন মিনিটের ব্যবধানে তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হয় রিয়াল।
