গেতাফের মাঠে হতাশায় ঘেরা রিয়াল
নতুন বছরে ছন্দ হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের সামনে আবারও জয়ে ফেরার লক্ষ্য। কোপা দেল রে থেকে ছিটকে পড়ার হতাশা কাটিয়ে স্পেনের সফলতম দলটির সামনে এবারের বাধা গেতাফে।
রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টায় গেতাফের মাঠে শুরু হবে লা লিগার ম্যাচটি।
গত বছরের শেষ সপ্তাহে এসি মিলানের কাছে প্রীতি ম্যাচে হেরে রিয়ালের ব্যর্থতার পথে চলা শুরু। এরপর বছরের শুরুতে ভালেন্সিয়ার কাছে হেরে প্রতিযোগিতামূলক লড়াইয়ে টানা জয়ের বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন ভাঙে দলটির। পরে স্প্যানিশ কাপে আতলেতিকো মাদ্রিদের কাছেও হারে তারা।
ভালেন্সিয়ার বিপক্ষে হারের আগে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ২২ ম্যাচ জেতে রিয়াল। ২০১১ সালে ব্রাজিলের ক্লাব কোরিচিবা টানা ২৪টি প্রতিযোগিতামূলক ম্যাচ জিতে রেকর্ডটা গড়েছিল।
এক সপ্তাহের ব্যবধানে ইউরোপ সেরাদের সামনে তাই দ্বিতীয়বারের মতো কক্ষপথে ফেরার লড়াই।
হঠাৎ পথ হারালেও লিগের শীর্ষস্থান কিন্তু এখনও রিয়ালের দখলেই আছে; ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের। ব্যর্থতার গণ্ডি না ভাঙতে পারলে লিগের শীর্ষস্থানটাও হারাতে হতে পারে তাদের, সেক্ষেত্রে দিনের অন্য ম্যাচে দেপোর্তিভোর মাঠে জিতে শীর্ষে উঠে যেতে পারে বার্সেলোনা।
১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো।
