সাউথ্যাম্পটনের কাছে ম্যান ইউর হার
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুটি ড্রয়ের পর এবার হেরেই গেল ম্যানচেস্টার ইউনাইটেড। লুইস ফন গালের দলকে ১-০ গোলে হারিয়েছে মৌসুমের শুরু থেকে দারুণ খেলা সাউথ্যাম্পটন।
গত বছরের শেষ সপ্তাহে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে গোলশূন্য ড্র করার পর নতুন বছরের প্রথম দিনে স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড।
রোববার রাতে ঘরের মাঠে এই হারে লিগের চতুর্থ স্থানে নেমে গেছে ইউনাইটেড। আর তৃতীয় স্থানে উঠে এসেছে সাউথ্যাম্পটন; ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯, ইউনাইটেডের ৩৭।
ওল্ড ট্র্যাফোর্ডে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৯তম মিনিটে এগিয়ে যায় সাউথ্যাম্পটন।
ইতালির স্ট্রাইকার গ্রাসিয়ানো পেল্লের শট পোস্টে লাগলে ফিরতি বল পান দুসান তাদিচ। বদলি হিসেবে মাঠে নামা সার্বিয়ার এই মিডফিল্ডার বিনা বাধায় লক্ষ্যভেদ করেন।
বাকি সময়ে স্বাগতিকরা আগের চেয়ে কিছুটা আক্রমণাত্মক খেললেও তারা নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
দিনের প্রথম ম্যাচে আলেক্সিস সানচেসের জোড়া গোলে স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আর্সেনাল।
গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারানো চেলসি ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
আর এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যানচেস্টার সিটি ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
