২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসি, রোনালদো নয়, যোগ্য জার্মানরা’

লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদো -ব্যালন ডি’অর কে জিতবে আলোচনায় সবার আগে আসছে সময়ের সেরা দুই তারকার নাম। তবে ম্যানচেস্টার ইইনাইটেডের কোচ লুইস ফন গালের মতে বিশ্বকাপজয়ী জার্মান দলের কারোরই এ পুরস্কার পাওয়া উচিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2014, 01:17 AM

Updated : 13 Oct 2022, 12:49 PM

এ বছরের ফিফা ব্যালন ডি'অর এর সম্ভাব্য বিজয়ী প্রসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে ফন গাল বলেন, “আমি আশা করি, এবার জার্মানির একজন খেলোয়াড় এটা জিতবে; কারণ তাদের এটা পাওয়া উচিত।”

গত ছয় বছর ধরে রোনালদো অথবা মেসি বর্ষসেরা ফুটবলারের খেতাব পেয়ে আসছেন। তার মধ্যে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার এটা জেতেন আর্জেন্টিনার তারকা মেসি।

গত বছরের সেরা রোনালদো এর আগে ২০০৮ সালে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এবারো এই দুইজন আছেন সংক্ষিপ্ত তালিকায়। সম্ভাব্য বিজয়ীর দৌড়েও তারা এগিয়ে।

ফন গাল বলেন, “(পুরস্কার পাওয়ার জন্য) আপনাকে সবসময় কিছু না কিছু জিততে হবে আর সবচেয়ে সেরা জয়টা হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ।"

তাই ফন গালের বিবেচনায় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটা এবার জার্মানির কোনো খেলোয়াড়েরই পাওয়া উচিত।

২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন জার্মানির ছয় খেলোয়াড় মারিও গোটসে, ফিলিপ লাম, টমাস মুলার, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, টনি ক্রুস এবং ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলরক্ষক মানুয়েল নয়ার।

২৩ জন থেকে পুরস্কারের জন্য মনোনীত তিন জনের নাম ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর।

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে ৬৩ বছর বয়সী কোচ ফন গালের। তার অধীনে এবারের বিশ্বকাপে তৃতীয় হয়েছিল নেদারল্যান্ডস।