ব্রাজিলকে গুঁড়িয়ে দিতে চান মার্তিনো
জার্মানিকে গুঁড়িয়ে দেয়া পারফরম্যান্স ব্রাজিলের বিপক্ষেও দেখতে চান আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।
আগামী শনিবার চীনের বেইজিংয়ে বার্ডস নেস্ট পরিচিত স্টেডিয়ামে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।
আলেহান্দ্রো সাবেইয়ার জায়গায় আসা মার্তিনোর প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে একই মানের পারফরম্যান্স দেখতে চান বার্সেলোনার সাবেক এই কোচ।
“জার্মানির বিপক্ষে আমরা যা করেছি, তাই করার চেষ্টা করবো আমরা।”
চীনে মুখোমুখি হলেও দুই খেলায় উত্তেজনার কোনো কমতি থাকবে বলে মনে করেন না মার্তিনো।
“জাতীয় দলগুলোর ম্যাচের মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিল খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলা কোথায় হচ্ছে, তা কোনো ব্যাপার নয়। এটা সবসময়ই আমাদের মধ্যকার ইতিহাসের জন্য গুরুত্বপুর্ণ আর এখন খেলোয়াড়দের জন্যও।”
জার্মানির বিপক্ষে আগের প্রীতি ম্যাচে চোটের কারণে খেলতে পারেনি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মার্তিনো জানান, এবার সম্পূর্ণ সুস্থ চারবারের ফিফা ব্যালন ডি’অর বিজয়ী খেলোয়াড়। আর চীনের রাজধানীতে নেইমারদের মুখোমুখি হওয়ার জন্য উন্মুখ তিনি।
