২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা ম্যাচের ব্রাজিল দলে কাকা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়েই আবার ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেন কাকা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রীতি ম্যাচের ব্রাজিল দলে এসি মিলানের সাবেক মিডফিল্ডারকে ডেকেছেন কোচ দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 12:00 AM

Updated : 13 Oct 2022, 12:39 PM

চোটের কারণে রিকার্দো গোলার্ত বাদ পড়ায় ১৮ মাস পর ব্রাজিল দলে ফিরলেন কাকা। ২০১৩ সালের মার্চে রাশিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র হওয়া ম্যাচে শেষ খেলেছিলেন বর্তমানে সাও পাওলোতে খেলা এই প্লেমেকার।

ব্রাজিলে আগের কোচ লুইস ফেলিপে স্কলারির সময়ে বলতে গেলে উপেক্ষিত ছিলেন ৩২ বছর বয়সী কাকা। তখন এসি মিলানের হয়ে তার অনুজ্জ্বল পারফরম্যান্সই এর কারণ।

২০০২ সালের জানুয়ারিতে অভিষেকের পর ব্রাজিলের হয়ে ৮৭ ম্যাচে খেলে ২৯ গোল করেন কাকা। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ২০০২ সালের ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছিলেন দুঙ্গা। বিশ্বকাপের হতাশা কাটিয়ে আগামী বছরের কোপা আমেরিকার জন্য পরিকল্পনা সাজাতে দলে অল্প কিছু পরিবর্তনও এনেছিলেন দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের দায়িত্ব নেয়া সাবেক এই খেলোয়াড়।

১১ অক্টোবর চীনের বেইজিংয়ের ‘বার্ডস নেস্ট’ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিন দিন পর সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে মাঠে নামবে তারা।

বিশ্বকাপের পর গত মাসের শুরুতে কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই ১-০ গোলে জেতে ব্রাজিল।

ব্রাজিল দল:

গোলরক্ষক: জেফারসন (বোতাফোগো), মার্সেলো গোরহে (গ্রেমিও), রাফায়েল কাবরাল (নাপোলি)

ডিফেন্ডার: দাভিদ লুইস (পিএসজি), মারকুইনিয়োস (পিএসজি), জিল (করিন্থিয়ান্স), মিরান্দা (আতলেতিকো মাদ্রিদ), মারিও ফের্নান্দেস (সিএসকেএ মস্কো), ফিলিপে লুইস (চেলসি) দানিলো (পোর্তো), দোদো (ইন্টার মিলান)।

মিডফিল্ডার: লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), এলিয়াস (করিন্থিয়ান্স), ফের্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি), এভারতন রিবেইরো (ক্রুজেইরো), সৌজা (সাও পাওলো), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), কাকা (সাও পাওলো), ফেলিপে কোতিনিয়ো (লিভারপুল)।

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), দিয়েগো তারদেলি (আতলেতিকো মিনেইরো), রবিনিয়ো (সান্তোস)।