২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে নতুন ২ মুখ

আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না রামিরেসের। চোটের কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দল থেকে বাদ পড়েছেন চেলসির এই মিডফিল্ডার। আর দুঙ্গার দলে ডাক পেয়েছেন নতুন দুই মুখ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 10:43 AM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা দল চূড়ান্ত

ব্রাজিলের ফুটবল কনফেডারেশন বৃহস্পতিবার জানায়, পেশির চোটে ভোগা রামিরেসের বিকল্প হিসেবে দুঙ্গা দলে ডেকেছেন সাও পাওলোর ডিফেন্সিভ মিডফিল্ডার সৌজাকে।

২৫ বছর বয়সী সৌজার সঙ্গে দলে নেয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা আরেক খেলোয়াড় গ্রেমিওর গোলরক্ষক মার্সেলো গোরহেকে।

গ্রেমিওর হয়ে টানা আট ম্যাচে কোনো গোল খাননি মার্সেলো। প্রথম পছন্দের গোলরক্ষক জেফারসন আঙ্গুলে চোট পাওয়ায় বাড়তি গোলরক্ষক হিসেবে নেয়া হয়েছে তাকে।

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছিলেন দুঙ্গা। বিশ্বকাপের হতাশা কাটিয়ে আগামী বছরের কোপা আমেরিকার জন্য পরিকল্পনা সাজাতে দলে অল্প কিছু পরিবর্তনও এনেছিলেন দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের দায়িত্ব নেয়া সাবেক এই খেলোয়াড়।

১১ অক্টোবর চীনের বেইজিংয়ের ‘বার্ডস নেস্ট’ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। তার তিন দিন পর সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে মাঠে নামবে তারা।

বিশ্বকাপের পর গত মাসের শুরুতে কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই ১-০ গোলে জেতে ব্রাজিল।

ব্রাজিল দল:


গোলরক্ষক: জেফারসন (বোতাফোগো), মার্সেলো গোরহে (গ্রেমিও), রাফায়েল কাবরাল (নাপোলি)

ডিফেন্ডার: দাভিদ লুইস (পিএসজি), মারকুইনিয়োস (পিএসজি), জিল (করিন্থিয়ান্স), মিরান্দা (আতলেতিকো মাদ্রিদ), মারিও ফের্নান্দেস (সিএসকেএ মস্কো), ফিলিপে লুইস (চেলসি) দানিলো (পোর্তো), দোদো (ইন্টার মিলান)।

মিডফিল্ডার: লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), এলিয়াস (করিন্থিয়ান্স), ফের্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি), এভারতন রিবেইরো (ক্রুজেইরো), সৌজা (সাও পাওলো), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), রিকার্দো গোলার্ত (ক্রুজেইরো), ফেলিপে কোতিনিয়ো (লিভারপুল)।

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), দিয়েগো তারদেলি (আতলেতিকো মিনেইরো), রবিনিয়ো (সান্তোস)।