ছিটকে গেলেন ওজিলও
চোট পিছু ছাড়ছে না বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি দলকে। চোটের কারণে এবার মিডফিল্ডার মেসুত ওজিলকে পাচ্ছেন না দলের কোচ ইওয়াখিম লুভ।
বাঁ হাঁটুতে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার ওজিল। তাকে তিন মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
পোল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ও আয়ারল্যান্ডের বিপক্ষে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে খেলা হচ্ছে না ওজিলের। বছরের শেষ দিকে জিব্রাল্টার ও স্পেনের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত।
ডিএফবি এক বিবৃতিতে জানায়, ২৫ বছর বয়সী ওজিল জার্মানি দলে যোগ দিতে মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টে পৌঁছে বাঁ হাঁটুতে ব্যথার কথা জানান। তাকে অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার চেলসির বিপক্ষে আর্সেনালের ২-০ গোলে হারা ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন ওজিল।
চোটের কারণে এর আগে জার্মানি দল থেকে ছিটকে গেছেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, মারিও গোমেজ, সামি খেদিরা ও মার্কো রয়েস।
