'ফুটবল মেয়েদের খেলা নয়'
নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানালেন, প্রতিপক্ষের শারীরিক ফুটবলের মোকাবেলা করতে তার দল প্রস্তুত।
তাছাড়া প্রতিপক্ষের খেলার ধরণ যেমনই হোক না কেন, তাতে ভয় পেলে তো আর চলে না। তা বোঝাতেই যেন আনচেলত্তি বলেন, "ফুটবল ছেলেদের খেলা, মেয়েদের খেলা নয়।"
গতবারের লা লিগা চ্যাম্পিয়নদের গা-জোয়ারি ফুটবল নিয়েও চিন্তিত নন আনচেলত্তি।
লিগের গত রাউন্ডে রিয়াল সোসিয়েদাদের মাঠে ৪-২ গোলে হেরে গিয়েছিল রিয়াল। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারেননি দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
চোট কাটিয়ে শনিবারের এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন গতবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো।
আতলেতিকো ম্যাচের জন্য শুক্রবার ঘোষিত রিয়ালের ১৯ সদস্যের দলে রোনালদো, গ্যারেথ বেল, হামেস রদ্রিগেস ছাড়াও আছেন এ মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা হাভিয়ের এরনান্দেস।
ফলে পুরো শক্তির দলই পাচ্ছেন ইতালির কোচ আনচেলত্তি। তাই গত ম্যাচের হারের ধাক্কা সামলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
আনচেলত্তি জানান, আতলেতিকোর বিপক্ষেই রিয়ালের জার্সিতে অভিষেক হচ্ছে মেক্সিকোর স্ট্রাইকার এরনান্দেসের। তবে শুরুর একাদশে নয়, বদলি হিসেবে ম্যাচটি খেলবেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।
