২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জনের ডাচদের হারাল ইতালি

বিশ্বকাপ দুঃস্বপ্ন ভুলে ছন্দে ফেরার লড়াইয়ের শুরুটা ভালো হল ইতালির। আন্তোনিও কোন্তেকে জয় দিয়েই বরণ করেছে তারা। ঠিক বিপরীত অভিজ্ঞতা হয়েছে নেদারল্যান্ডসের। গাস হিডিঙ্কের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 03:11 AM

Updated : 13 Oct 2022, 12:32 PM

বৃহস্পতিবারের জয়ে ইতালির পক্ষে প্রথমার্ধে গোল দুটি করেন চিরো ইম্মোবিলে ও দানিয়েল দে রস্সি।

শেষ দুটি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের লজ্জায় পড়তে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে। ইউভেন্তুসের সফল কোচ কোন্তের অধীনে এবার সাফল্যের ধারায় ফিরতে চাইছে দলটি।

বৃহস্পতিবার রাতে বারির স্তাদিও সান নিকোলায় নেদারল্যান্ডস তৃতীয় মিনিটেই ইম্মোবিলের গোলে পিছিয়ে পড়ে। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার প্রথম গোল।

পাঁচ মিনিট পর ভেসলি স্নেইডারের একটি শট অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হয়। পরের মিনিটে ব্রুনো মার্টিন্স সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়লে খেলার চিত্রটাই পাল্টে যায়।

মার্টিন্স জাজাকে ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ইতালি। তা থেকে গোল করতে কোনো ভুল করেননি দে রস্সি।

২০তম মিনিটে নেদারল্যান্ডেসর ত্রাতা সিলেসেন। গোলরক্ষকের দৃঢ়তায় আরো পিছিয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায় দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন রবিন ফন পের্সি। বাইরে মেরে সুযোগটি হাতছাড়া করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

এক জন বেশি খেলার সুবিধা কাজে লাগিয়ে বাকি সময়টুকু ডাচদের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে ইতালি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় সুযোগগুলো কাজে লাগেনি।