প্রত্যয়ী বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার প্রথম ম্যাচে চয়ন-খোরশেদদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। সম্প্রচার করবে এটিএন বাংলা।
এই ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতিও ঠিকঠাক সেরে নিতে চায় বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমসের ১৭তম আসর।
ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্ব আর এশিয়ান গেমস-দুটি আসরের লক্ষ্যই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুর রহমান চয়ন।
“ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের খেলা আগে এবং এই আসরে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই। এশিয়ান গেমসেও ভালো কিছু করার লক্ষ্য আছে আমাদের। এই ম্যাচগুলো দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতিও নিতে চাই আমরা।”
শ্রীলঙ্কার কাছে সর্বশেষ ২০০৬ সালের সাফ গেমসে হেরেছিল বাংলাদেশ। তবে অতিথি দলটাকে মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ নাভিদ আলম।
“কোনো দলকে খাটো করে দেখার কারণ নেই। আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলব।”
স্বাগতিক বাংলাদেশকে এগিয়ে রাখছেন শ্রীলঙ্কার কোচ নাদিম আহমেদ ভাটও। তবে দল নিয়ে মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন করতে এসে তিনিও বললেন ভালো কিছুর আশা থাকার কথা।
“বাংলাদেশ, হংকং-দুটি দলই আমাদের চেয়ে এগিয়ে। তবে আমরাও ভালো ফলের আশা নিয়ে মাঠে নামব।”
ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্ব খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তানের। শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। এ কারণে গ্রুপের সমীকরণও একটু জটিল হয়ে গেছে। প্রথম পর্ব থেকে একটি নাকি দুটি দল দ্বিতীয় পর্বে উঠবে, তা নিয়ে অন্ধকারে আছে খোদ বাংলাদেশ হকি ফেডারেশনও।
ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং।
