আর্জেন্টিনার কাছে হারার পর রক্ষণকে দুষলেন লুভ
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর রক্ষণের ভুলকেই দুষলেন ইওয়াখিম লুভ। রক্ষণের ভুলের কারণেই চার চারটি গোল খেতে হয়েছে বলে মনে করেন জার্মানির কোচ।
ডুসেলডর্ফে আর্জেন্টিনার বিপক্ষে পরীক্ষামূলক একটি দলই নামান লুভ। কিন্তু তার সেই তরুণ পরীক্ষামূলক দল আনহেল দি মারিয়ার জাদু থামাতে পারেনি। বুধবার ৪-২ গোলে উড়ে যায় তারা।
দি মারিয়া নিজে একটি গোল করেন এবং দলের বাকি তিনটি গোলে অবদান রাখেন। এতে করে রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হেরে যাওয়ার 'প্রতিশোধও' নেয়া হয় আর্জেন্টিনার।
দি মারিয়ার এই পারফরম্যান্সের পর অনেকের মতো আর্জেন্টিনা কোচ মার্তিনোও মনে করেন, রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে তিনি থাকলে ফলটা অন্যরকমও হতে পারত।
জার্মানির কোচ ইওয়াখিম লুভও মেনে নেন দি মারিয়াই ম্যাচে পার্থক্য গড়ে দেন। তবে বিশ্বকাপ ফাইনালের প্রশ্নে তার দর্শনটা একটু ভিন্নই।
“দি মারিয়া খেললেও ১৩ জুলাইয়ের ফাইনালে আমরা আর্জেন্টিনাকে হারাতাম। সেই দিনে সেও আমাদের হারাতে পারত না।”
ম্যাচ শেষে লুভ বলেন, "আমরা রক্ষণে কিছু ভুল করেছি এবং এই ভুলগুলো থেকেই আমরা সরাসরি শাস্তি পেয়েছি।"
তবে এ নিয়ে খুব একটা চিন্তিত নন লুভ।
"অনেক খেলোয়াড়ই এক সঙ্গে খেলেনি এবং এই কারণে এটা মেনে নিতে হবে।"
