মারাকানার আক্ষেপ বাড়ালেন দি মারিয়া
বিশ্বকাপের ফাইনালে যদি আনহেল দি মারিয়া খেলতে পারতেন! আর্জেন্টিনার সমর্থকদের এই আক্ষেপটা বুধবার আরো বাড়ল। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের জাদুতেই জার্মানির বিপক্ষে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।
ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে চোটের কারণে জার্মানির বিপক্ষে খেলতে পারেননি দি মারিয়া। ১-০ গোলে হেরে ২৮ বছর পর আবার বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসার স্বপ্ন ভাঙে লিওনেল মেসিদের।
বুধবার ডুসেলডর্ফে প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মেসি চোটের কারণে খেলতে পারেননি। তবে তার অভাবটা একদমই টের পেতে দেননি দি মারিয়া। তার নৈপুণ্যেই বিশ্বকাপ ফাইনালের পুনর্মঞ্চায়নের ম্যাচে জার্মানিকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিল জেরার্দো মার্তিনোর দল। ম্যাচে দর্শনীয় একটি গোল করেন দি মারিয়া; বাকি তিনটি গোলেই রাখেন অবদান।
আর্জেন্টিনা প্রথম গোল পায় ২০তম মিনিটে। দি মারিয়ার নিখুঁত একটি লব পেনাল্টি বক্সে খুঁজে পায় সের্হিও আগুয়েরোকে। জার্মানির জালে সহজেই বল পাঠান তিনি।
আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন এরিক লামেলা। উৎস সেই দি মারিয়া। গোল লাইনের কাছে লামেলাকে অসাধারণ এক ক্রসই দেন তিনি।
ফেদেরিকো ফের্নান্দোর হেড থেকে আসা আর্জেন্টিনার তৃতীয় গোলটির উৎস ছিল দি মারিয়ার মাপা এক ফ্রি-কিক। আর ব্যবধান ৪-০ করা গোলটি দি মারিয়া নিজেই করেন। অসাধারণ এক চিপে বল জার্মানির জালে জড়ান তিনি।
দি মারিয়ার এই পারফরম্যান্সের পর অনেকেই মনে করেন, রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে তিনি থাকলে ফলটা অন্যরকমও হতে পারত।
এই অনেকের মধ্যে আছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনোও।
“বিশ্বকাপ ফাইনালে তার অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল।”
দি মারিয়াকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ও বলে দিলেন বার্সেলোনার সাবেক এই কোচ।
“দি মারিয়া বিশ্বের সেরা ৪ বা ৫ জন খেলোয়াড়ের একজন এবং তাই ওর এই পারফরম্যান্স আমাকে বিস্মিত করেনি।”
জার্মানির কোচ ইওয়াখিম লুভও মেনে নেন দি মারিয়াই ম্যাচে পার্থক্য গড়ে দেন। তবে বিশ্বকাপ ফাইনালের প্রশ্নে তার দর্শনটা একটু ভিন্নই।
“দি মারিয়া খেললেও ১৩ জুলাইয়ের ফাইনালে আমরা আর্জেন্টিনাকে হারাতাম। সেই দিনে সেও আমাদের হারাতে পারত না।”
বিশ্বকাপ ফাইনালে দি মারিয়া থাকলে কি হতো আর হতো না, সেটা অন্য বিষয়। তবে বুধবার ডুসেলডর্ফে শুধু আর্জেন্টিনার সমর্থকদেরই নয়, দি মারিয়া ভালোবাসা আদায় করে নেন জার্মানির সমর্থকদের কাছ থেকেও। ম্যাচের ৮৬তম মিনিটে মার্তিনো তাকে তুলে নেয়ার সময় করতালি দেন দর্শকরা।
টিভি সেটের সামনে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা নিশ্চয় দি মারিয়ার এই খেলায় দারুণ খুশি। ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে কদিন আগেই যে তাকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
