সুয়ারেসের আপিলের রায় আগামী সপ্তাহে
নিষেধাজ্ঞার মেয়াদ কমবে কিনা তা শিগগিরই জানতে পারবেন লুইস সুয়ারেস। ফিফার শাস্তির বিরুদ্ধে উরুগুয়ের এই স্ট্রাইকারের আপিলের রায় আগামী সপ্তাহেই দিতে পারে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
শুক্রবার শুনানি শেষে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস) জানায়, বার্সেলোনা স্ট্রাইকারের আবেদনের রায় যত শিগগির সম্ভব দেয়া হবে; হয়তো আগামী সপ্তাহ শেষ হওয়ার আগেই তা দেয়া হতে পারে।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়েছিলেন সুয়ারেস। এই অপরাধে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে যেকোনো ধরণের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা।
বিশ্বকাপ শেষে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানো সুয়ারেস এরপর ফিফার নিজস্ব ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করলেও শাস্তি কমেনি।
সুইজারল্যান্ডের লোজানে সিএএসের প্রধান কার্যালয়ে সুয়ারেসের আবেদনের শুনানি হয়।
শুনানি শেষে সুয়ারেসের আইনজীবীরা জানান, তারা মনে করছেন, বার্সেলোনার এই ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার মেয়াদ অর্ধেক হয়ে যাবে। আর তা হলে, ২৫ অগাস্টই ফুটবলে ফিরতে পারবেন তিনি।
বিশ্বকাপ শেষে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখান সুয়ারেস।
