২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের আপিলের শুনানি শুরু

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে লুইস সুয়ারেসের আপিলের শুনানি শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। উরুগুয়ের এই ফরোয়ার্ড শুনানিতে অংশ নিতে শুক্রবার সিএএসের প্রধান কার্যালয়ে হাজির হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 04:28 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

সুইজারল্যান্ডের লোজানে সিএএসের প্রধান কার্যালয়ে ট্যাক্সি করে পৌঁছান চেক শার্ট পরা সুয়ারেস। ট্যাক্সি থেকে নামার পর তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। তবে কোনো মন্তব্য করতে চাননি তিনি। তড়িঘড়ি করে ভেতরে ঢুকে যান উরুগুয়ের এই ফরোয়ার্ড।

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়েছিলেন সুয়ারেস। এই অপরাধে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে যেকোনো ধরণের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা।

বিশ্বকাপ শেষে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানো সুয়ারেস এরপর ফিফার নিজস্ব ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করলেও শাস্তি কমেনি।

রুদ্ধদার শুনানি পুরো দিন ধরেই চলবে বলে ধারণা করা হচ্ছে। শুনানি শেষের কিছুদিন পর রায় দেয়া হবে।

ফিফার দেয়া নিষেধাজ্ঞা বহাল থাকলে অক্টোবরের শেষ পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না সুয়ারেস। আর উরুগুয়ের হয়ে তার খেলা হবে না ২০১৫ সালের কোপা আমেরিকায়। চিলিতে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় কমপক্ষে ৩ আর সর্বোচ্চ ৬টি ম্যাচ খেলবে উরুগুয়ে। সেই হিসেবে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের হয়ে ৩ অথবা ৬টি ম্যাচ খেলতে পারবেন না সুয়ারেস। সুয়ারেসের আইনজীবীরা আন্তর্জাতিক ফুটবলে তার নিষেধাজ্ঞা কমানোর জন্য যুক্তি দেখাবেন। তারা সিএসকে এও বোঝাতে চাইবেন, নিষেধাজ্ঞা কাটানোর সময় তিনি যেন বার্সেলোনার সঙ্গে অনুশীলন করতে পারে।