'ব্রাজিলকে অবহেলা করলে পস্তাতে হবে'
নেইমারবিহীন ব্রাজিল দলকে অবহেলা করলে প্রতিপক্ষ দলগুলোকে পস্তাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো।
আগামী মঙ্গলবার বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে জার্মানি।
তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে সতর্ক করে রোনালদো জানান, জার্মানরা যদি মনে করে, নেইমারের মতো তারকা খেলোয়াড়কে হারিয়ে তারা দুর্বল ও আশাহত একটা ব্রাজিল দলকে পেতে যাচ্ছে তাহলে তারা চরম ভুল করবে।
কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে ব্রাজিল। কিন্তু ওই ম্যাচেই ‘হেক্সা’ জয়ের স্বপ্নের পথে চরম ধাক্কাটা খায় স্বাগতিকরা। ম্যাচের নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে পিঠে প্রতিপক্ষের হুয়ান সুনিগার হাঁটুর আঘাতে ব্যাথায় কাতরাতে থাকেন নেইমার। তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর তার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরা পড়ে। পরে দলের পক্ষ থেকে তার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবর দেয়া হয়।
হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় পড়ে জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলের অধিনায়ক ও ডিফেন্ডার চিয়াগো সিলভাও।
তবে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে হারালেও ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা এখনও আছে বলে মনে করেন রোনালদো। ব্রাজিলকে খাটো করে দেখার মতো ভুল জার্মানি করবে না বলেও ধারণা বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকারের।
রোনালদোর মতে, ব্রাজিল কখনই একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না, ভবিষ্যতেও কখনও করবে না। অতীতেও এমন উদাহরণ আছে এমনকি নেইমারের মতো একই মানের খেলোয়াড়দের ক্ষেত্রেও।
রোনালদো আরো বলেন, “ব্রাজিল দলে এক ঝাঁক ভালো শক্তিশালী খেলোয়াড় আছে। তারা দেখাবে নেইমারকে ছাড়া তারা এখনও ফেভারিট।”
ইতিহাস থেকে উদাহরণ টেনে রোনালদো বলেন, “১৯৬২ বিশ্বকাপে পেলে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন। তারপরও ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল।”
১৯৫৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে চার বছর পর শিরোপা ধরে রাখার লক্ষ্যে চিলিতে যায় ব্রাজিল। গ্রুপ পর্বে মেক্সিকোকে হারিয়ে শুরুটাও ভালো করে তারা কিন্তু পরের ম্যাচেই চেকোস্লোভাকিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ব্রাজিল। ওই ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় পেলের। তারপরও শেষ হাসি হাসে ব্রাজিল।
