সুযোগ হারাল আবাহনী
শেষ ত্রিশ মিনিট দশ জন নিয়ে খেলেছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তবুও জিততে পারেনি আবাহনী লিমিটেড। রোববার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল দুটির লড়াই শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
লিগের শীর্ষ দল শেখ জামালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হারাল দ্বিতীয় স্থানে থাকা আবাহনী। ১৬ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৩৮, আবাহনীর ৩২। শিরোপা লড়াইয়ে তাই এগিয়েই থাকল শেষ জামাল।
খেলার ৬০তম মিনিটে আবাহনীর ডিফেন্ডার আতিকুর রহমান মিশুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রতিপক্ষের ডিফেন্ডার মোহাম্মদ লিঙ্কন।
শেখ জামাল দশজনের দলে পরিণত হলেও সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী। ভালো কোনো সুযোগও তৈরি করতে পারেনি দলটি।
ম্যাচে আবাহনীর একমাত্র সুযোগটি এসেছিল ৭০তম মিনিটে। ঘানার স্ট্রাইকার ওসেই মরিসনের পাস থেকে বক্সে বল পেয়েছিলেন পর্তুগালের ফরোয়ার্ড লিওনার্দো সুয়ারেস। গোল করার মতো জায়গায় থেকে তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এর আগে ৫৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো শেখ জামাল। হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের বাড়ানো বল পেয়েছিলেন তার স্বদেশী ফরোয়ার্ড সনি নর্দে। কিন্তু তার আড়াআড়ি শট সাইডবার ঘেঁষে বাইরে চলে গেলে সুযোগটি নষ্ট হয়।
এদিন শেখ জামাল রক্ষণাত্মক ফুটবল খেলেছে। প্রতিপক্ষে সুদৃঢ় রক্ষণভাগ ভাঙতে পারেনি আবাহনীর খেলোয়াড়রাও।
