কিছু তৃপ্তি আছে লিভারপুলেরও
২৪ বছর পর আবার লিগ শিরোপা ধরা দিতে দিতেও দিল না। এই আক্ষেপ নিয়ে লিগ শেষ করলেও কিছু পাওয়ার তৃপ্তি আছে লিভারপুলের। নিজেদের মাঠে লিগের শেষ ম্যাচ জিতে কোচ ব্রেন্ডন রজার্স জানালেন অসাধারণ এক যাত্রা শেষের কথা।
লিগের শেষ ম্যাচে গিয়ে শিরোপা জয়টা আর শুধুই নিজেদের হাতে ছিল না লিভারপুলের। 'অল রেড' নামে পরিচিত দলটি তাই রোববার শেষ ম্যাচে নিউক্যাসলকে ২-১ গোলে হারালেও শিরোপা জিততে পারেনি। ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছে ম্যানচেস্টার সিটি।
তবে লিভারপুল এ মৌসুমে ভালো ফুটবল খেলতে পেরেছে বলে খুশি রজার্স। মাঠে বসেই স্কাই স্পোর্টসকে তিনি সেই তৃপ্তির কথাই বলেন।
“খুব দারুণ ছিল। এ বছরে অসাধারণ একটা যাত্রায় ছিলাম আমরা।”
১৯৯০ সালের পর আর লিগ শিরোপা জিততে পারেনি লিভারপুল। সদ্য শেষ হওয়া মৌসুমে শুরু থেকেই ভালো খেলে অ্যানফিল্ডে একটা আশার আলো জাগিয়েছিল তারা।
লিগের ৩৮ ম্যাচে ১০১ গোল করেছে লিভারপুল। ১৮৯৬ সালের পর প্রথমবারের মতো একশ’ গোল অতিক্রম করলো তারা। আর আক্রমণে ইউরোপের লিগগুলোর মধ্যে সেরা লুইস সুয়ারেস ও ড্যানিয়েল স্টারিজ জুটি করেছে ৫২ গোল। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি, তবে এবারের মৌসুমটি লিভারপুলের ভবিষ্যতে কিছু পাওয়ার ভিত গড়ে দিয়েছে বলে মনে করেন রজার্স।
“শিরোপা জিততে না পারাটা দুর্ভাগ্যজনক। তবে ভবিষ্যতের জন্য আশার আলো দেখিয়েছি আমরা।”
লিগে নিজেদের ৩৬তম ম্যাচে নিজেদের মাঠে চেলসির কাছে হেরে বড় হোঁচট খায় লিভারপুল। পরের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। ক্রিস্টালের সঙ্গে ৩-৩ গোলের এই ড্রটিই শিরোপা জয় থেকে দূরে নিয়ে যায় তাদের। অনেকেই এটাকে দেখছেন চাপের সঙ্গে মানিয়ে নিতে না পারা হিসেবে। তবে রজার্স সেটা মনে করেন না।
“চাপের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছি বলে মনে হয় না আমার। শেষ ১৪ ম্যাচে আমরা ১২টি ম্যাচ জিতেছি এবং একটি মাত্র ড্র করেছি। চেলসির সঙ্গে ওই ফলটা ছিল দুর্ভাগ্যজনক।”
