শিরোপার আরেকটু কাছে বায়ার্ন
হ্যানোভারকে ৪-০ গোলে হারিয়ে জার্মান বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে বায়ার্ন মিউনিখ।
প্রতিপক্ষের মাঠে বায়ার্নের সহজ জয়ে দুই গোল করে সবচেয়ে বড় অবদান স্ট্রাইকার টমাস মুলারের। গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ীদের অন্য গোল দুটো মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা ও স্ট্রাইকার মারিও মানজুকিচের।লিগে টানা ৪৭ ম্যাচ অপরাজিত বায়ার্নের ২২ ম্যাচ থেকে সংগ্রহ ৬২ পয়েন্ট।সমান ম্যাচ খেলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেন ও বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট যথাক্রমে ৪৩ ও ৪২। শনিবার দুই দলই হেরে গেছে।১২ রাউন্ড বাকি থাকা বুন্দেসলিগায় রোববারের অন্য ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ভার্ডার ব্রেমেন গোলশূন্য ড্র করেছে।
