২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে ওঠার সুযোগ হারালো আর্সেনাল

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার সুযোগ হারালো আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 09:44 AM

Updated : 01 Sep 2026, 12:25 PM

লিভারপুলের কাছে আগের ম্যাচে ৫-১ গোলে শোচনীয় হারের পর নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ঘুরে দাঁড়াতে চেয়েছিল আর্সেনাল। আর ওল্ড ট্রাফোর্ডে নিচের সারির ক্লাব ফুলহ্যামের সঙ্গে আগের ম্যাচে ড্রয়ের হতাশায় পোড়া ম্যান ইউও একটি জয়ের আশায় ছিল। কিন্তু বুধবার রাতে গোলের দেখা পায়নি কোনো দলই।

হতাশ হয়েই তাই মাঠ ছাড়তে হয়েছে আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গার ও প্রতিপক্ষ ডেভিড ময়েসকে।

এই ড্রর ফলে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকলো আর্সেনাল। আর ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের চেয়ে ১১ পয়েন্ট পেছনে সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ফুলহ্যামের মাঠে দু’দুবার পিছিয়ে পড়েও ৩-২ গোলের দুর্দান্ত জয় পেয়েছে লিভারপুল। অন্য ম্যাচে টটেনহ্যাম ৪-০ গোলে হারিয়েছে নিউক্যাসলকে।

তবে বুধবার রাতে ম্যানচেস্টার সিটি-সান্ডারল্যান্ডের ম্যাচটি ঝড়ো বাতাসের কারণে হতে পারেনি। বাতিল হয়েছে এভারটন-ক্রিস্টাল প্যালেস ম্যাচটিও।