ম্যান ইউ ছাড়ছেন ভিদিচ
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন নেমানিয়া ভিদিচ। এই মৌসুম শেষে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন এই সার্বিয়ান ডিফেন্ডার।
২০০৫ সালের ডিসেম্বরে ম্যান ইউতে যোগ দেয়ার পর একটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি প্রিমিয়ার লিগসহ ১৫টি শিরোপা জিতেছেন ভিদিচ।শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি কখনো কল্পনাও করতে পারিনি যে ১৫টি শিরোপা জিততে পারবো। নিঃসন্দেহে মস্কোর ঐ চমৎকার রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না। সেই সুখস্মৃতি আর (ম্যান ইউর) সমর্থকদের কথা আমার সারা জীবন মনে থাকবে।”২০০৮ সালে মস্কোতে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসিকে হারিয়েছিল ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যান ইউ।বিদায়ের ঘোষণা দিয়ে ৩২ বছর বয়সী ভিদিচ বলেন, “এই মৌসুম শেষে আমি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে আবার চ্যালেঞ্জ জানাতে চাই এবং সামনের বছরগুলোতেও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করতে চাই।”২০১০-১১ মৌসুমে ম্যান ইউর অধিনায়কের দায়িত্ব পান ভিদিচ। তবে এই মৌসুমের শুরু থেকে বার-বার চোটে পড়ায় প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।
