মাঠের বাইরে ল্যাম্পার্ড, ইভানোভিচ
চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন চেলসির মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ। এ মাসের শেষ পর্যন্ত তাদের মাঠের বাইরে কাটাতে হতে পারে বলে দলটির ওয়েবসাইটে জানানো হয়েছে।
বুধবার বছরের প্রথম দিনে সাউথহ্যাম্পটনের বিপক্ষে লিগ ম্যাচে ৩-০ গোলে চেলসি জিতলেও ঐ ম্যাচে খেলতে পারেননি ল্যাম্পার্ড ও ইভানোভিচ।
গত শনিবার লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে চোট পেয়েছিলেন তারা। ঐ ম্যাচের ৩০ মিনিটে হাটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন সার্বিয়ার ইভানোভিচ। আর পেশিতে চোট পাওয়া ল্যাম্পার্ড দ্বিতীয়ার্ধে আর খেলেননি। ম্যাচটি ২-১ গোলে জিতেছিল চেলসি।
আগামী রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে পারবেন না ল্যাম্পার্ড ও ইভানোভিচ। লিগেও হাল সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চেলসি পাচ্ছে না তাদের।
