২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সিং ডে টেস্টে লড়াইয়ের আভাস

প্রথম তিন টেস্ট জিতে অস্ট্রেলিয়া অ্যাশেজ পুনরুদ্ধার করলেও মেলবোর্নে চতুর্থ টেস্ট নিয়ে আগ্রহের কমতি নেই। ৯০ হাজারের বেশি আসনের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) প্রথম দিনের টিকেট প্রায় শেষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 03:13 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

ক্রিকেটের সবচেয়ে পুরনো দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ‘বক্সিং ডে’ টেস্টে মিলছে লড়াইয়েরও ইঙ্গিত।

টানা চতুর্থ অ্যাশেজ জয়ের লক্ষ্য নিয়ে সফরে আসা ইংল্যান্ড প্রথম তিন টেস্টে সম্পূর্ণ ব্যর্থ। তবে সিরিজ হাতছাড়া হয়ে গেলেও সতীর্থদের লড়তে দেখতে চান ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক।

প্রতিটি বিভাগেই নাজেহাল হওয়া অতিথিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে গ্রায়েম সোয়ান ও জোনাথন ট্রটের বিদায়। সফরের মাঝপথে ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন ইংল্যান্ডের অন্যতম বোলিং ভরসা অফস্পিনার সোয়ান। আর প্রথম টেস্টের পর চাপজনিত অসুস্থতার কারণে দেশে ফিরে গেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ট্রট।

বুধবার ২৯তম জন্মদিন পালন করা কুক বলেন, হারের মধ্যে থাকলে যে কোনো দলের আত্মবিশ্বাস নাড়া খায়। তবে ব্যর্থতার বৃত্ত ভেঙ্গে ঘুরে দাঁড়াতে এবার মরিয়া তিনি।

“সব সময় এমসিজিতে বক্সিং ডে টেস্ট খেলার সুযোগ মেলে না। আমাদের খেলোয়াড়দের জন্য এটা দারুণ একটা সুযোগ। আমরা জানি, আমাদের আগের তিনটি হারের বিরুদ্ধেও লড়তে হবে। আমাদের নিজেদের ওপরে আস্থা রাখতে হবে।”

সোয়ানের অবসরের কারণে ইংল্যান্ড দলে একটি পরিবর্তন অনিবার্য। উইকেটরক্ষক ম্যাট প্রায়রের বাজে ফর্মের কারণে আরেকটি পরিবর্তন আসতে পারে।

অ্যাশেজ পুনরুদ্ধারের পর উড়ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। টানা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, “ধারাবাহিকতা খুবই বিরল ও মূল্যবান বিষয়। এটার মধ্যে থাকলে আপনাকে তা যতটা সম্ভব ধরে রাখতে হবে। কারণ এটা কতদিন স্থায়ী হবে সে ব্যাপারে আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না।”

ব্রিসবেন টেস্টে ৩৮১ রানের বিশাল ব্যবধানে হারের পর অ্যাডিলেডেও ২১৮ রানে হেরেছিল ইংল্যান্ড। এরপর পার্থে তৃতীয় টেস্টে ১৫০ রানে ইংল্যান্ডকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

পুরনো খবর:

ইংল্যান্ড দলে ডাক পেলেন ২ স্পিনার
অ্যাশেজের মাঝপথে সোয়ানের অবসর
পরিশ্রমের সুফল পেয়েছি আমরা: ক্লার্ক
পার্থে জিতে অ্যাশেজ অস্ট্রেলিয়ার