২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্থে জিতে অ্যাশেজ অস্ট্রেলিয়ার

দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ জিতলো অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের তৃতীয় টেস্টে ১৫০ রানে ইংল্যান্ডকে হারিয়েছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 06:44 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

অ্যাশেজ জয়ের পথে অস্ট্রেলিয়া

মঙ্গলবার পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল পাঁচ উইকেট। অন্যদিকে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে পার্থের ওয়াকায় শেষ দিনে ইংল্যান্ডকে করতে হতো আরো ২৫৩ রান।

ম্যাট প্রায়রের সঙ্গে স্টোকসের ৭৬ রানের জুটিতে ইংল্যান্ড সমর্থকদের মনে একটু আশা জেগেছিল। ব্যক্তিগত ২৬ রানে প্রায়র কট বিহাইন্ড হলে দ্রুতই স্বপ্নটা ভেঙে যায়।

এরপর বেন স্টোকসের প্রথম টেস্ট শতক অস্ট্রেলিয়ার অপেক্ষাই কেবল বাড়িয়েছে। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ১২০ রান করে স্টোকস নাথান লিয়নের বলে কট বিহাইন্ড হলে ইংল্যান্ডের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এরপর অস্ট্রেলিয়াকে আর অপেক্ষায় রাখেননি লিয়ন। নিজের পরের ওভারে গ্রায়েম সোয়ানকেও ফিরিয়ে দেন এই স্পিনার।

পরের ওভারেই মিচেল জনসনের 'স্লো' বলে ক্যাচ দিয়ে বিদায় নেন টিম ব্রেসনান। জনসনেরই পরের ওভারে জেমস আন্ডারসন শর্ট লেগে জর্জ বেইলিকে ক্যাচ দিলে অ্যাশেজ জয়ের আনন্দে মেতে উঠে অস্ট্রেলিয়া দল।

৫০৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড অলআউট হয় ৩৫৩ রানে। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে ৪ উইকেট নিয়েছেন জনসন। সিরিজে তার উইকেট দাড়ালো ২৩টিতে।

প্রথম ইনিংসে শতকের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

ব্রিসবেন টেস্টে ৩৮১ রানের বিশাল ব্যবধানে হারের পর অ্যাডিলেডেও ২১৮ রানে হেরেছিল ইংল্যান্ড।

মাত্র চার মাস আগেই ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংল্যান্ড। এখন মেলবোর্ন আর সিডনি টেস্টে অতিথিদের সামনে থাকবে হোয়াইটওয়াশের শঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৩৮৫ ও ৩৬৯/৬

ইংল্যান্ড: ২৫১ ও ৫৫৩ (স্টোকস ১২০, প্রায়র ২৬, ব্রেসনান ১২, সোয়ান ৪, ব্রড ২*, অ্যান্ডারসন ২; হ্যারিস ৭৩/১, জনসন ৭৮/৪, লিয়ন ৭০/৩, সিডল ৬৭/১, ওয়াটসন ৩৯/১)