পরিশ্রমের সুফল পেয়েছি আমরা: ক্লার্ক
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, অক্লান্ত পরিশ্রমের জন্যই ৭ বছর পর অ্যাশেজ ফিরে পেয়েছেন তারা।
অ্যাশেজের আগে ভীষণ দুরবস্থা ছিল অস্ট্রেলীয়দের। এ বছর প্রথম ১০ টেস্টের ৭টিতে হার মেনেছিল তারা, ড্র করেছিল দুটি। একমাত্র জয়টি ছিল জানুয়ারিতে, সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে।
ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে ৪-০তে বিধ্বস্ত হওয়ার পর জুলাই-অগাস্টে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের অ্যাশেজে ৩-০তে পরাজয় ভীষণ চাপের মধ্যে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়াকে।
তাই স্বাগতিক হলেও এই অ্যাশেজে অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিলেন অনেক ক্রিকেট-বোদ্ধা। কিন্তু তাদের ভুল প্রমাণিত করে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ জয় নিশ্চিত করেছে স্যার ডন ব্র্যাডম্যানের দেশ।
সেজন্য কঠোর পরিশ্রমকেই কৃতিত্ব দিচ্ছেন ক্লার্ক। মঙ্গলবার খেলা শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, “আমি সবার আগে অক্লান্ত পরিশ্রমের কথা বলবো। ছেলেরা যেভাবে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়েছে, তা শুধুই নেটে সাধারণভাবে ব্যাটিং-বোলিং করা নয়। তারা প্রতিপক্ষের চেয়ে শারীরিক ও মানসিকভাবে এগিয়ে ছিল, শক্তিশালীও ছিল।”
পার্থে ১৫০ রানে জিতে শততম টেস্ট উদযাপন করা ক্লার্ক আরো বলেন, “আপনি সাফল্য না পেলে, ব্যক্তিগত বা দলগতভাবে ভালো পারফর্ম করতে না পারলে, হারতে-হারতে কিংবা রান বা উইকেট না পেলে অসুস্থর মতো হয়ে পড়বেন।”
“এখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ আপনাকেই খুঁজে বের করতে হবে। আর একমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই সেই পথ আপনি খুঁজে পাবেন। প্রত্যেক খেলোয়াড়ই সবার আগে দলকে গুরুত্ব দিয়েছে আর তাই আজ আমরা বিজয়ীর বেশে,” যোগ করেন ব্রিসবেন ও অ্যাডিলেডে প্রথম দুই টেস্টে শতক করে সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই ডানহাতি ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার এই সাফল্যে বড় অবদান চোট থেকে ফেরা মিচেল জনসনেরও। প্রথম তিন টেস্টে ১৫.৪৭ গড়ে ২৩ উইকেট, এর সঙ্গে ৪৯ গড়ে ১৪৭ রান – সিরিজের সেরা হওয়ার লড়াইয়ে জনসনই এখন সবচেয়ে এগিয়ে।
আইসিসির সাবেক বর্ষসেরা ক্রিকেটারকে নিয়ে তাই উচ্ছ্বসিত বর্তমান বর্ষসেরা ক্রিকেটার ক্লার্ক। ক’দিন আগে এই পুরস্কার জিতে নেয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, “এই টেস্টে তার বলের গতি প্রথম দুই টেস্টের মতো হয়তো অত বেশি ছিল না। কিন্তু সে তার দক্ষতাকে দারুণভাবে কাজে লাগিয়েছে আর বলে স্বভাবজাত বৈচিত্র্যও পেয়েছে। এটাই মিচেল জনসনের বৈশিষ্ট্য।”
ক্লার্কের মতো অ্যালেস্টার কুকেরও এটা শততম টেস্ট ছিল। তবে এই ম্যাচের কথা ইংল্যান্ডের অধিনায়ক হয়তো ভুলে থাকতেই চাইবেন।
